পাঁচ মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলাগুলো হলো- গুলশান থানার নাশকতা মামলা, রাষ্ট্রদ্রোহ মামলা, গ্যাটকো দুর্নীতি মামলা, যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর মামলা এবং হত্যা ও বিস্ফোরক মামলা।
মঙ্গলবার দুপুরে ঢাকা সিএমএম আদালতে আরো দুটি (গুলশান থানার নাশকতা, রাষ্ট্রদ্রোহ) মামলায় জামিন পান তিনি।
এর আগে ঢাকায় মহানগর দায়রা জজ আদালতে গ্যাটকো দুর্নীতি মামলা ও রাজধানীর যাত্রাবাড়ীর দুটি মামলায় জামিন পান খালেদা জিয়া। আজ সকালে ঢাকায় মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত তাকে এ জামিন দেন।
যাত্রাবাড়ী থানার ওই মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। খালেদা জিয়ার সঙ্গে অপর আসামি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকেও জামিন দেন আদালত।
এর আগে নাশকতা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতিসহ ৫ মামলায় জামিন আবেদন করতে সকাল সাড়ে ৯টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশে রওনা দেন। প্রায় এক ঘণ্টায় আদালতে পৌঁছান তিনি।
এরপর যাত্রাবাড়ী থানায় গাড়ি পোড়ানোর একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। শুনানি শেষে যাত্রাবাড়ীর মামলায় বিএনপি চেয়ারপারসনকে জামিন দেন বিচারক। এরপর গ্যাটকো দুর্নীতি মামলায় তাকে জামিন দেয় ওই আদালত।
পরে রাজধানীর গুলশান থানার যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতার আরেকটি মামলা একটি, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করার অভিযোগে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় জামিন নিতে মুখ্য মহানগর দায়রা জজ আদালতে হাজির তিনি।
এদিকে খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।
নিরাপত্তার জন্য আলাদত পাড়ায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী।
গত ৩০ মার্চ বিএনপির চেয়ারপারসনসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ওই দিন বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে বিএনপির চেয়ারপারসনসহ ২৮ জনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী এলাকায় বাসে পেট্রলবোমা মেরে যাত্রী হত্যার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে ৩০ মার্চ অভিযোগপত্র গ্রহণ করেন বিচারক। এ সময় মামলার ২৮ আসামিকে পলাতক উল্লেখ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) বশির উদ্দিন গত বছরের ৬ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে আসামিদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন।
খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম নামের এক যাত্রী।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কে এম নুরুজ্জামান গত বছরের ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় যাত্রাবাড়ী থানায় মামলা করেন। এ ছাড়া আরো তিন মামলায় আদালতে হাজিরা দেয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। এগুলো হলো :
গুলশানের নাশকতার মামলা
২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করতে যাওয়ার সময় নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দেন ঢাকা জেলা যানবাহন ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বাগচি। এ মামলায়ও আজ হাজির হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা
২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় ‘মুক্তিযুদ্ধে শহীদের নিয়ে বিতর্ক আছে’ বলে উল্লেখ করায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা করা হয়। চলতি বছরের ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মমতাজ উদ্দিন আহমদ মেহেদী নিম্ন আদালতে এ মামলা দায়ের করেন।
গ্যাটকো দুর্নীতি মামলা
এ ছাড়া গ্যাটকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ হওয়ার পর নিম্ন আদালতে হাজিরার জন্য দিন ধার্য রয়েছে তার।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী খালেদা জিয়া ও তার ছোট ছেলে কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলার অভিযোগে বলা হয়, গ্যাটকোকে বিভিন্ন কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করে দিয়েছে।
যাত্রাবাড়ীর দুই মামলা
গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থা থেকে গতবছর ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ শুরু হয়।
এর মধ্যে ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে অগ্নিদগ্ধ ও আহত হন ৩০ জন। এর মধ্যে নূর আলম নামে এক ঠিকাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই কে এম নুরুজ্জামান দুটি মামলা করেন, যাতে অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপারসনকে করা হয় হুকুমের আসামি।
১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় করা মামলায় পেট্রোলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়। এছাড়া পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ী বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়।
তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ গত বছরের ৬ মে হত্যা মামলায় এবং ১৯ মে বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
এরপর চলতি বছর ২৮ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনের মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে গত ৩০ মার্চ আদালত এ মামলায় খালেদা জিয়াসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পলাতকদের গ্রেপ্তার করা গেল কিনা- সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য সেদিন ২৭ এপ্রিল তারিখ ঠিক করে দেন মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।
এ মামলার ৩৮ আসামির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, তৎকালীন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, শিক্ষক নেতা সেলিম ভূঁইয়াসহ ছয়জন জামিনে রয়েছেন। এছাড়া শহিদুল খান, লিটন, পারভেজসহ চারজন কারাগারে রয়েছেন।























































