ডেস্ক রিপোর্ট :
এবারের ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে সর্বত্র দর্শকদের উচ্ছ্বাস ছিল। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিজয়ও ছিল বিস্ময়কর ও চমকপ্রদ। এমনটাই মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক দেলোয়ার হোসেন। তিনি বলেন, এই চমকপ্রদ খেলায় শেষ ওভারে ক্যারিবীয়দের দরকার ১৯ রান। সবাই ধরেই নিয়েছে ইংল্যান্ডই শিরোপা নেবে। তবে একজন নিশ্চিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জয়ের ব্যাপারে। ডাগআউটে তিনি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামির পাশেই বসে ছিলেন। তিনি হলেন উইন্ডিজ ফাস্ট বোলার জেরমি টেইলর। শেষ ওভারের সময় আত্মবিশ্বাসী টেইলর অধিনায়ক স্যামিকে বলেছিলেন, ‘আমরা দুই বল বাকি থাকতেই জিতব।’ ১০০ গজ দূরত্বে ক্রিজে অবস্থানরত কার্লোস ব্রাথওয়েট যেন কথাটি সত্যি শুনতে পেয়েছিলেন। টেইলরের কথাকে বাস্তবে রূপ দিয়ে বেন স্টোকসের করা পর পর চার বলে ছক্কা হাঁকিয়ে দুই বল বাকি থাকতেই ম্যাচটি জিতিয়ে দেন তিনি। একটি দলের জন্য এমন নির্ভরযোগ্য খেলোয়াড় বাংলাদেশের জন্যও দরকার। রবিবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সংবাদ পর্যালোচনাভিত্তিক টক শো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিক গোলাম মোর্তোজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো আলোচনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।
অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক বলেন, বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটের শেষ পর্বে ছিল না। কিন্তু বাংলাদেশের দর্শকরা উচ্ছ্বাসভরে ফাইনাল খেলাটি দেখেছে।
এ বিষয়ে অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, চলতি বছরটি ওয়েস্ট ইন্ডিজের জন্য খুবই সফল হিসেবে ধরা দিয়েছে। বছরের শুরুতেই বাংলাদেশে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও ওয়েস্ট ইন্ডিজের ঘরে উঠেছে। এরপর একই দিনে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ও পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা তারা পায়। স্যামি তাঁদের ম্যাচ জেতার কথা বর্ণনায় বলেছেন, তিনি এই জয়ের জন্য সবার প্রথমে ঈশ্বরকে স্মরণ করেছেন। তিনি জানান, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই জয় কোনোভাবেই সম্ভব ছিল না। এটা আসলে অনেক বড় একটি বিষয়। শুধু দলের জন্য নয়, পুরো বিশ্বের ক্যারিবিয়ান ভক্ত-সমর্থকদের জন্যও বিশাল ব্যাপার। এই জয়কে তিনি ক্যারিবীয় মানুষদের জন্য এবং পুরো বিশ্বের ভক্তদের জন্য উৎসর্গ করেন। দেলোয়ার হোসেন আরো বলেন, এই জয়ের পেছনে দুটি বড় কারণ তাঁদের অনুপ্রেরণা জুগিয়েছে। প্রথমটি হলো একই বছরে তিনটি শিরোপা জয় করার আকাক্সক্ষা। আর দ্বিতীয়টি হলো নিন্দুকদের উচিত জবাব দেওয়া।
সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল বলেন, বিশ্বকাপ ক্রিকেটের পর অনেক দলে পরিবর্তন আনা হয়েছে। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়কের পদ ছেড়েছেন শহীদ আফ্রিদি। রবিবার নিজের টুইটার পেজে এই ঘোষণা দিয়েছেন তিনি। তবে অধিনায়কত্ব ছাড়লেও এখনই ক্রিকেট ছাড়ছেন না আফ্রিদি। আরো কিছুদিন আন্তর্জাতিক অঙ্গনে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চান তিনি। ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই ক্রিকেট সুপারস্টারদের তালিকায় রয়েছেন পাকিস্তানের এই বর্ণিল ক্রিকেটার। অভিষেক সিরিজে সেই যে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি (ওয়ানডে ক্রিকেটে) করে রেকর্ড গড়েছিলেন, সেই থেকে এখন পর্যন্ত আফ্রিদির কাছে ভক্ত ও দলের প্রত্যাশাটা অনেক বেশি। ব্যাটে-বলে তিনি দলকে একের পর এক সাফল্য উপহার দেবেন—এমন প্রত্যাশাই থাকে আফ্রিদিকে ঘিরে। তবে সাম্প্রতিক সময়ে ব্যাটে-বলে ধার হারিয়েছেন অনেক আগেই টেস্ট ও ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো আফ্রিদি। ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ব্যর্থ হওয়ার পর আফ্রিদিকেই দায়ী করেছেন সবাই। শেষে আফ্রিদি বলেছেন, ‘আজ আমি আমার পাকিস্তানি ভক্ত ও সারা বিশ্বকে জানাতে চাই, আমি স্বেচ্ছায় পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছি।’ তবে তিনি পাকিস্তান দলে নিয়মিত ক্রিকেটার হিসেবে খেলবেন বলে জানিয়েছেন। আসলে পরিবর্তন সব দলের জন্যই দরকার।

























































