রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » খালেদা জিয়াকে গ্রেপ্তার করলে বিএনপির সবাই গণগ্রেপ্তারে যাবে


খালেদা জিয়াকে গ্রেপ্তার করলে বিএনপির সবাই গণগ্রেপ্তারে যাবে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

BNP-Khaleda-Zia-Gulshan-Office
নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে দলের সব নেতাকর্মী গণগ্রেপ্তারে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। তাঁদের দাবি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হ্ত্যা ও ভোট জালিয়াতি এবং তনু হত্যার ঘটনা ধামাচাপা দিতেই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার খালেদা জিয়া আত্মসমর্পণ করতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যাবেন বলেও জানান তাঁরা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করবেন খালেদা জিয়া। গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর বিএনপি আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, গ্রেপ্তারের ভয় দেখিয়ে দমানো যাবে না বিএনপির রাজনীতি।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকের এই গভর্নমেন্ট এই ইউপি নির্বাচনে কারচুপি এবং নজিরবিহীন তামাশা করেছে। আজকে বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল লুট হয়েছে। সেই লুটকে ধামাচাপা দিতে এবং তনু হত্যাকে ধামাচাপা দিতে আজকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’

ইউনিয়ন পরিষদ নির্বাচনে হত্যা ও ভোট লুটের অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, এ সরকার সহিংসতাকে ছড়িয়ে দিয়েছে গ্রামেগঞ্জে। তাই এসব অন্যায়ের কারণেই তাদের ভয় খালেদা জিয়াকে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-নোমান বলেন, ‘যদি কোনো কারণে আমাদের নেত্রীকে ওয়ারেন্ট দিয়ে কারাগারে নেয়, আমরা সামনের দিকে আগাব। আমরা গণগ্রেপ্তারে চলে যাব। আপনারা রাজি আছেন?’

এই সময় উপস্থিত সবাই ‘জ্বি’ বলে সম্মতি জানান।

আব্দুল্লাহ আল-নোমান বলেন, ‘সারা বাংলাদেশ গণগ্রেপ্তারে চলে যাবে-আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেখানেই এই হাসিনার পতন অবশ্যম্ভাবী হবে।’

রিজার্ভের অর্থ চুরি, তনু হত্যাসহ এমন নানা প্রসঙ্গে সরকারের সমালোচনা করে এসব ঘটনার বিচার দাবি করেন বক্তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি