শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচনে ব্যর্থতার দায় কি গণমাধ্যমের?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৬

download3

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে না পারার ব্যর্থতা গণমাধ্যমের উপর চাপিয়ে বিষয়টি পাশ কাটাতে চাইছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন বলেছে, সংবাদমাধ্যম এবং টকশোগুলোতে নির্বাচন কমিশন সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন অবস্থায় নির্বাচন কমিশন নিয়ে আলোচনা কেন হবে?

ভোটকেন্দ্র দখল ও জালভোট দেয়াসহ আরো নানান ধরণের নির্বাচনী অনিয়মের অভিযোগ উঠেছে এক হাজার তিনশ ৬৪ টি ইউনিয়নে গত ২২ এবং ৩১ মার্চ অনুষ্ঠিত দুই দফার নির্বাচনে। এছাড়া সহিংসতার ঘটনায় বিভিন্ন স্থানে ৩৪ জন মারা গিয়েছেন।

কিন্তু মজার বিষয় হচ্ছে, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দুই দিনই নির্বাচন কমিশন দাবি করেছে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত দুই দফার নির্বাচনে ব্যাপক সহিংসতা এবং অনিয়মের ঘটনার ফলে অবশিষ্ট আরো তিন হাজার ইউনিয়ন পরিষদে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে।

এছাড়া যেভাবে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেটি ব্যাপক হৈচৈ এর সৃষ্টি করেছে। নির্বাচনের সময় যে সকল অঘটন ঘটেছে এবং নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় নির্বাচন কমিশনের ব্যর্থতার দায়ে নির্বাচন কমিশনকে গণমাধ্যম, সুশীল সমাজ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞসহ সাধারণ মানুষজনদের সমালোচনা শুনতে হয়েছে।

এমতাবস্থায় গত সোমবার নির্বাচন কমিশন গণমাধ্যমের উপর পাল্টা আক্রমণ চালায়। নির্বাচন কমিশনের দাবি, গণমাধ্যমে নির্বাচন কমিশন সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

তবে এবার জনগণ নিজেরাই নির্বাচন সম্পর্কে সচেতন। ফলে গণমাধ্যমকে দোষারোপ করার মাধ্যমে নির্বাচন কমিশন শাক দিয়ে মাছ ঢাকতে পারবে না।

গণমাধ্যমকে দোষারোপ না করে নির্বাচন কমিশনের উচিত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেয়া। নির্বাচন কমিশনের উচিত তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে সেগুলোর নিরসনে সঠিক পদক্ষেপ গ্রহণ করা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি