বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের প্রেক্ষাপটে ডিএমপির বিধিমালা নিয়ে জারি করা রুল ৩১ মের মধ্যে হাই কোর্টে নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ।
ওই রুলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়। রুল নিষ্পত্তির জন্য আপিল বিভাগ বিষয়টি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চে পাঠিয়েছে।
আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিকুর রহমান ও অনিক আর হক।
আদেশের পর একরামুল হক টুটুল বলেন, “এ বিষয়ে হাই কোর্টের একটি বেঞ্চ একটি রিট খারিজ করেছিল, আরেকটি বেঞ্চ রুল দেয়। একই বিষয়ে দুই রকম আদেশ চলতে পারে না। এ কারণে আমার রুলের আদেশ বাতিল চেয়ে আবেদনটি করি।”
যে বেঞ্চ এর আগে রিট খারিজ করেছিল, সেই বেঞ্চকেই বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান।


























































