শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্ষোভের আগুনে উত্তপ্ত বাঁশখালী , সমাবেশের ডাক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০১৬

RAJ_1193-400x284 images20

ডেস্ক রিপোর্টঃ

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে চীনের সহায়তায় কয়লা বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ স্থগিত রেখেছে এস আলম গ্রুপ। তবে এ কারণে আন্দোলন থেমে থাকবে না বলে রয়টার্সকে জানিয়েছেন গ-ামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী।

রক্তাক্ত বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে পুলিশের গুলিতে চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ৫দিনের মাথায় শোক সমাবেশের ডাক দিয়েছে স্থানীয়রা। ‘গন্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলনের’ ব্যানারে আজ শুক্রবার বিকেলে এ শোক সমাবেশের (ঘটনাস্থলে) ডাক দেয়া হয়েছে। আর ঘটনার ৪দিনের মাথায় মুখ খুলে নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বিদ্যুৎকেন্দ্র স্থাপন স্থগিত প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু কিছুই বলেন নি। তবে বাঁশখালী সংঘাতের ঘটনার প্রেক্ষিতে বিবিসিকে তিনি বলেন, বাঁশখালীর এ ঘটনা অর্থাৎ সেখানে সংঘাতের বিষয়টি আমার মন্ত্রণালয় সংশ্লিষ্ট নয়। সেখানকার প্রশাসন বা যে কোম্পানি কাজ করছে বিষয়টি তাদের সাথে সম্পৃক্ত। কারণ যারা এ বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছেন তারা প্রাইভেট কোম্পানী। সরকারতো এটা বানাচ্ছে না। আর যে দুর্ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। এ ঘটনা যারা ঘটিয়েছে তারা যে-ই হোক তাদের একটা বিহিত হওয়া দরকার। এবং আইন শৃঙ্খলা বাহিনীও হয়তো সেভাবেই ব্যবস্থা নেবে।

তেল-গ্যাস বন্দর বিদ্যুৎ রক্ষা কমিটির নেতা অধ্যাপক আনু মোহাম্মদ ও এডভোকেট সুলতানা কামালের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল গন্ডামারা যাচ্ছেন আজ। এদিকে পুলিশি ভয়ে আহত প্রায় অর্ধশত মানুষ এখনো চিকিৎসাহীন অবস্থায় বাড়িতে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসলেই তাদের গ্রেপ্তার হওয়ার ভয় রয়েছে। কারণ ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে হাতকড়া লাগিয়ে দেয়া হয়েছে। তাছাড়া চারদিন আগে ঘটনাস্থল থেকে আটক ৯ গ্রামবাসীকে এখনো থানায় রেখে দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও আইন অনুযায়ী কাউকে আটক করার ২৪ ঘণ্টার বেশি থানা হেফাজতে রাখা যায় না।

 

থানা হেফাজতে চার দিন : গত সোমবার পশ্চিম গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ঘটনাস্থল থেকে পুলিশ ৯ জনকে আটক করে থানায় নিয়ে যায়। নিয়ম মতে আটকের ২৪ ঘণ্টার মধ্যে পার্শ্ববর্তী আদালতে হাজির করতে হয়। কিন্তু এ ক্ষেত্রে তা মানা হয়নি। বর্তমানে থানায় আটককৃতরা হলেন- গন্ডামারা ইউনিয়নের বাসিন্দা মাসুদ আলী (৬২), শাহ আলম (৪৮), রফিক আহমদ (২২), আকতার হোসেন (১৮), হুমায়ুন কবির (২৪), আবদুল আলীম (১৫), লোকমান (১৮), মোহাম্মদ ইকবাল (১৮), আলী আহমদ (৩০)। এর মধ্যে আলী আহমদ অটোরিক্সা চালক। ঘটনার দিন সমাবেশের মাইকিংকালে আলীসহ লোকমান ও ইকবালকে আটক করে পুলিশ। এব্যাপারে স্থানীয় বাসিন্দা ওসমান গণি অভিযোগ করে বলেন, আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে প্রেরণ করার নিয়ম। কিন্তু গত চারদিন ধরে তাদের থানায় রাখা হয়েছে। সেখানে তারা অনাহারে অর্ধাহারে আছেন। এ ব্যাপারে পুলিশ কারো কথাই শুনছে না। অথচ সেখানে ৬২ বছর বয়সী বৃদ্ধও আছেন।

এব্যাপারে বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আটককৃতদের সঙ্গত কারণে আদালতে প্রেরণ করা যায়নি। আগামীকাল শুক্রবার (আজ) তাদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান।

আটক সংক্রান্তে সংবিধানের ৩৩(১) ও ৩৩(২) অনুচ্ছেদের কি আছে: ৩৩ এর (১) গ্রেপ্তারকৃত কোন ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক রাখা যাবে না এবং উক্ত ব্যক্তিকে তাঁর মনোনীত আইনজীবীর সাথে পরামর্শের ও তাঁর দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করা যাবে না।

(২) গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেপ্তারের চব্বিশ ঘণ্টার মধ্যে (গ্রেপ্তারের স্থান হতে ম্যাজিস্ট্রেটের আদালতে আনয়নের জন্য প্রয়োজনীয় সময় ব্যতিরেকে) হাজির করা হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাঁকে অতিরিক্তকাল প্রহরায় আটক রাখা যাবে না।

এ বিষয়ে সাবেক মহানগর পিপি এডভোকেট আবদুস সাত্তার বলেন, আটকের পর ২৪ ঘণ্টার বেশি (আদালতে হাজির করতে যাতায়াতের সময় বাদ দিয়ে) পুলিশ হেফাজতে রাখা বে আইনি ও সংবিধান বিরোধী। এ ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও রয়েছে আইনে।

ক্ষতিপূরণের প্রতিশ্রুতি :

নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান ও আহতদের চিকিৎসার ব্যবস্থা সরকারের পক্ষে করা হবে বলে আশ্বাস দিয়েছেন (সংবাদ সম্মেলনে) স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এ বিদ্যুৎ প্রকল্পের ভবিষ্যত জানতে চাইলে সংসদ সদস্য বলেন, যদি পরিবেশ দূষণ না করে তাহলে সন্ত্রাসী কাজের জন্য কী প্রকল্প বন্ধ থাকবে ? এ বিষয়ে এস আলম ও সরকার সিদ্ধান্ত নেবে। এদিকে নিহতদের ক্ষতিপূরণ ব্যাপারে এস. আলম পাওয়ার প্ল্যান্টের সহ-সমন্বয়কারী বাহাদুর আলম হিরণ দৈনিক আজাদীকে জানান, ঘটনায় নিহত ও আহতদের জন্য কর্তৃপক্ষ ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে। নিহতের প্রত্যেক পরিবার ১০ লক্ষ টাকা করে এবং প্রতি মাসে ১৫ হাজার টাকা করে দেয়া হবে। অপরদিকে আহত ব্যক্তিদের চিকিৎসা খরচ ও ১ লক্ষ টাকা করে দেয়া হবে বলেও তিনি জানান। শোক সমাবেশ: পশ্চিম গন্ডামারা (১) সরকারি প্রাথমিক বিদ্যালয় (হাদিরপাড়া সাইক্লোন শেল্টার) মাঠে আজ শুক্রবার বিকাল দুইটায় ‘গন্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন’র ব্যানারে শোক সমাবেশ ও দোয়া মাহফিলের ডাক দিয়েছে স্থানীয়রা। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি থাকার কথা রয়েছে। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটির চেয়ারম্যান লেয়াকত আলীসহ অন্যান্যরা। এ লক্ষে বাঁশখালীর প্রত্যন্ত এলাকায় মাইকিংও করা হয়েছে।

আসছে তেল গ্যাস জাতীয় কমিটির ১০ সদস্যের টিম :

শুক্রবার সকালে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি বাঁশখালী উপজেলার গন্ডামারাস্থ ঘটনাস্থল পরিদর্শন করতে আসছেন ১০ সদস্যের একটি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন, পর্যবেক্ষণ, স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা, প্রকল্প স্থান পরিদর্শন করবেন। বিকাল ৪টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত কালো পতাকা মিছিল ও সমাবেশে বক্তব্য রাখবেন।

এ বিষয়ে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, এ প্রকল্পে পরিবেশের ছাড়পত্র নেয়া হয়নি। করা হয়নি আন্তর্জাতিক সমীক্ষা, লুকোচুরি করা হচ্ছে প্রকল্পের তথ্য নিয়ে, ভুমি ক্রয়-বিক্রয়ে ঠকানো হয়েছে ভূমি মালিকদের। তাছাড়া প্রকল্প স্থানের সাধারণ মানুষদের জনমত যাচাইও করা হয়নি। যা জেনেছি পুরো প্রকল্পটিই অনিয়মে ভরা।

ঘটনার চারদিনের মাথায় গন্ডামারা বাজারে পুলিশ : বাঁশখালীর গন্ডামারায় নিহত ও আহতের ঘটনার চারদিনের মাথায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার। গন্ডামারা বাজারে গিয়ে পুলিশ দল স্থানীয় জনতার সাথে আলোচনা করেন এবং সবাইকে কোন ধরনের ভয়ভীতি ছাড়া চলাফেরা করার আহবান জানান।

তিনি বলেন, পুলিশকে প্রতিপক্ষ ভাবার কোন কারণ নেই। জনগণের স্বার্থ রক্ষাই পুলিশের কাজ। কোন অবস্থাতেই বাঁশখালীতে সংঘটিত ঘটনায় অহেতুক জনগণকে হয়রানি করা হবে না। পুলিশ সুপারের কথায় জনগণ ভয় কাটিয়ে নিজেদের মত করে চলার একটি আত্মবিশ্বাস পেলেও নিজেদের মধ্যে নানা ধরনের ভয়ভীতি কাজ করছে বলে এই প্রতিনিধিকে জানান অনেকে। একইসাথে গুলির ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা এবং কয়লা বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য স্থানীয়রা আহ্বান জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, এএসপি (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা তাঁর সাথে ছিলেন।

ঘটনাস্থলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ:

 

তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে একটি পরির্দশক দল ঘটনাস্থল পরিদর্শন করেন। গন্ডামারায় নিহতদের পরিবারের সাথে কথা বলে তাদের এহেনও ক্ষয়-ক্ষতির ব্যাপারে সান্তনা প্রদান করেন এবং ভবিষ্যতে তাদের আইনী সহায়তা এবং অন্যান্য আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। জাতীয় কমিটি চট্টগ্রাম প্রতিনিধি দলের সাথে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং পরিবেশ গবেষকগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় সমন্বয়কারী নাসির উদ্দিন আহমেদ নাসু, সিপিবি’র সম্পাদক ম-লীর সদস্য অধ্যাপক অশোক সাহা, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী হাসান মারুফ রুমী, বাসদ (মার্কসবাদী) এর সদস্য সচিব অপুদাশ গুপ্ত, বাসদের আল কাদেরী জয়, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের আহ্বায়ক ছিদ্দিকুল ইসলাম, সিপিবি’র অমৃত বড়ুয়া, নবায়নযোগ্য শক্তি গবেষক লেখক মাহবুব সুমন, নৃ-বিজ্ঞানী নাসরিন সিরাজ এ্যানী, যুবনেতা আ ন ম আমানুল ইসলাম, ছাত্র ইউনিয়নের নগর সভাপতি শিমুল বৈষ্ণব, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নগর সভাপতি ফরহাদ জামান জনি, ছাত্র ফ্রন্ট নগর সাধারণ সম্পাদক পার্থ প্রতিম নন্দী প্রমুখ।

প্রসঙ্গত: গত সোমবার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের হাজীপাড়া স্কুল মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে সমাবেশ আহবান করেন স্থানীয়রা। কিন্তু সমাবেশ শুরু হওয়ার আধ ঘণ্টা আগে স্থানীয় এমপির পক্ষে মাইকিং করে পাল্টা সমাবেশের ডাক দেয় অপর পক্ষ। একই স্থানে দুটি সমাবেশের ডাক দেয়ায় উত্তেজনা সৃষ্টির শঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এ সময় চরম উত্তেজনার এক পর্যায়ে পুলিশ ও জনতা সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ উপস্থিত জনতার ওপর গুলি বর্ষণ শুরু করে। এ ঘটনায় চারজন নিহত ও অর্ধশত মানুষ আহত হন, গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। তাছাড়া ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সরকারি লোকজনের ওপর হামলার ঘটনায় বাঁশখালী থানার এসআই বাহার মিয়া বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ ও প্রায় ৩২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। আর নিহত দুই সহোদর ও জামাতার পরিবারের পক্ষে মাওলানা বশির আহমদ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৪০০ থেকে ১৫০০ জনকে আসামি করে একটি এবং নিহত জাকের আহমদের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে প্রায় ১৮০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

বিবিসি বাংলা, রয়টার্স অবলম্বনে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি