শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)জাতীয় দলে এবং প্রিমিয়ার লীগে খেলার অনুমতি দেননি ট্রাইব্যুনাল। আর এই কারণে শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিসিবি’র নিষেধাজ্ঞাই বহাল রইল।
রোববার জাতীয় দলে ও প্রিমিয়ামলীগে খেলার অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুানালে আবেদন করেন ক্রিকেটার শাহাদত হোসেন। শাহাদাতের পক্ষে আবেদনটি করেন কাজী নজিবুল্লাহ হিরু। শুনানি শেষে ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল আবেদনটি নাকচ করে দেন। আদেশে বিচারক বলেন, ‘দরখাস্তকারী (ক্রিকেটারশাহাদত) এই মামলার বিচারাধীন অভিযুক্ত। কোন অভিযুক্ত আসামি তার জীবিকা নির্বাহের জন্য তার পেশা পালনে ট্রাইব্যুনালের অনুমতির প্রয়োজন নেই। আসামি যে অনুমতি প্রার্থনা করেছেন তা বিসিবি বা ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষই অনুমতি দেবে, ট্রাইব্যুনাল নয়। এ কারণে আবেদন অপ্রাসঙ্গিক হওয়ায় তা নামঞ্জুর করা হল।’
এসম্পর্কে আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু বলেন, ক্রিকেটার শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা থাকায় তাকে বাংলাদেশের জাতীয় দলে ও বিভিন্ন ক্লাবে খেলায় নেয়া হচ্ছে না। তাই এ বিষয়ে খেলার অনুমতি চেয়ে আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন।’
ক্রিকেটার শাহাদাত দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের মামলাটি দায়ের হওয়ার পরপরই ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এক অনুষ্ঠানে বলেন, ‘গৃহকর্মী নির্যাতনের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্রিকেটার শাহাদাত হোসেনের সঙ্গে বিসিবি’র কোনোসম্পর্ক নেই।’ এ ঘোষণার পরের দিন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বিসিবিকার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটার শাহাদাত হোসেনের বিরুদ্ধে ট্রেনিং, আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

























































