ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামের খুলশী এলাকায় সিএনজি ফিলিংস্টেশনে গ্যাস নেয়ার সময়, প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছে। ভয়াবহ এই বিস্ফোরণে প্রাইভেটকারটির পাশাপাশি সিএনজি স্টেশনের দু’টি সাসপেনশন এবং অপর একটি প্রাইভেটকারের একাংশও উড়ে যায়। মূলত মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের কারণেই এ বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস।
ভয়াবহ এ দৃশ্য দেখে যে কেউ আঁতকে উঠতে বাধ্য। সিএনজি ফিলিং স্টেশনে পড়ে আছে বিস্ফারণে উড়ে যাওয়া প্রাইভেট কারের সামান্য কিছু অংশ। তার আশে-পাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ফিলিং স্টেশনে গ্যাস দেয়ার মিটার রিডার বা সাসপেনশনের ভাঙা টুকরো। কিছুটা দূরে ক্ষতিগ্রস্থ আরেকটি প্রাইভেট কার। এসব ধংসস্তুপের মূল কারণ প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ।
রোববার দুপুর ঠিক পৌনে দু’টার দিকে টি কে গ্রুপের মালিকানাধীন খুলশী সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে লাইনে দাঁড়ানো অবস্থায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে সিলভার কালারের প্রাইভেট কারটির। মেয়াদাত্তীর্ণ সিলিন্ডারের কারণেই এ ঘটনা ঘটেছে বলে দাবী করেছেন ফিলিং স্টেশনের ম্যানেজার। একই ধরণের তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও।
বিস্ফোরণের পর পুনরায় দুর্ঘটনা এড়াতে সিএনজি ফিলিং স্টেশনের সবগুলো সাসপেনশন বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস।


























































