ডেস্ক রিপোর্ট :
ইউনিয়ন পরিষদের প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন শেষে এখন চলছে তৃতীয় ধাপের নির্বাচনী প্রচার-প্রচারণা। আরও চলছে চতুর্থ ধাপের প্রার্থিতা যাচাই-বাছাই। তবে এ দুই ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা দলের মনোনয়ন না পেলেও বিএনপি নেতারা আওয়ামী লীগের নৌকার মাঝি হয়েছেন। আর অনেক নেতাই নৌকা ছেড়ে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। এসব নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরে গৃহদাহ চলছে। এ কারণে নির্বাচনে দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘাত-সংঘর্ষও চলে আসছে। এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে রাজাকারের ছেলেকেও মনোনয়ন দেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে তৃণমূলের নেতা-কর্মীরা আন্দোলনও করেছেন। প্রাপ্ত তথ্যানুযায়ী, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭২৭টির মধ্যে চেয়ারম্যান পদে ৫৫টিতে প্রার্থী দিতে পারেনি বিএনপি। ছয় ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এ ধাপে ৭২৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৩ হাজার ৭২৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।
এদিকে বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে ৪৮ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আরও ৬০০ জনকে আসামি করা হয়েছে। ফলে এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্বাচন-পরবর্তী হামলা, নির্যাতন, মারধর ও চাঁদাবাজিতে শত শত মানুষ এলাকা ছেড়ে পালিয়েছেন। ১ হাজার ৮১৩ মনোনয়নপত্র : ইসি জানিয়েছে, চতুর্থ ধাপের জন্য ৭ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৭২৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৩ হাজার ৭২৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ৭২৭, বিএনপির ৬৭২, জাতীয় পার্টির ১৭৮টিসহ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮১৩টি মনোনয়নপত্র রয়েছে। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে ১ হাজার ৯১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ধাপের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ চলবে। এরই মধ্যে আপিল কর্তৃপক্ষ গঠন করেছে নির্বাচন কমিশন। প্রার্থিতা বাতিলের বিষয়ে কোনো প্রার্থী রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। ১৮ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। প্রতীক বরাদ্দ হবে ১৯ এপ্রিল। আর ভোট গ্রহণ ৭ মে। এবার দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপিতে ছয় ধাপে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর মধ্যে দুই ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল হবে তৃতীয় ধাপের ভোট।























































