সিন্ডিকেটের বেড়াজাল ভেঙে এবার বিএনপিতে নেতৃত্বে আসা শুরু হয়েছে ত্যাগী নেতাদের। যুবদল ও ছাত্রদলের সাবেক যোগ্য ও পরীক্ষিত নেতারা নতুন কমিটিতে ঠাঁই পাওয়ায় রাজধানী ঢাকাসহ সারাদেশে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। এর ধারবাহিকতায় বাংলাদেশি জাতীয়তাবাদ ও জিয়াউর রহমানের আদর্শের আদলে জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হবে বলেও আশাবাদী নেতাকর্মীরা ।
নেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, ত্যাগী নবীন ও প্রবীণদের সমন্বয় করে একেবারেই নতুন ধারার বিএনপির গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে আন্দোলনের সফলতা আসবে। ইতোপূর্বে তিনি বিভিন্ন সময়ে দলীয় ফোরামে নতুন ধারার দল গঠনের কথা বলেছিলেন। তৃতীয় ধাপের ঘোষণা করা দলের যুগ্ম মহাসচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণার মধ্যে দিয়ে তার দেওয়া বক্তব্যের প্রতিফলন ঘটালো।
ঘোষিত ১৬ পদের মধ্যে ১৩টিতেই নতুন মুখ। তারা নতুন হলেও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এবারই প্রথম সাংগঠনিক পদে নারীদের প্রাধান্য দিতে যোগ্য দুই নারীকে নেতৃত্বে আনা হয়েছে। বিএনপির তিন শীর্ষপদসহ সব মিলিয়ে এ পর্যন্ত ২১ পদে নেতাদের নাম ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে কোনো বিতর্কিত ও সুবিধাবাদীদের জায়গা হয়নি বলে জানান বিএনপির এক দায়িত্বশীল নেতা। তিনি বলেন, আমরা সব সময় বলে এসেছি বিএনপিতে জিয়াউর রহমানের আদর্শকে ফিরিয়ে আনতে হবে। তার আদর্শকে লালন করতে হবে। সুবিধাবাদীদের বিএনপিতে স্থান দেওয়া ঠিক হবে না। তবে তিনি আশঙ্কা করেন দলের সম্পাদকীয় পদগুলো ও সদস্য পদে কিছু সুবিধাবাদী ব্যক্তিরা ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়তে পারেন।
গত শনিবার যুগ্ম মহাসচিব ও বিভাগীয় সাংগঠনিক পদে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে দলের নেতাকর্মীদের কোনো প্রশ্ন নেই। দলের অধিকাংশ নেতাকর্মী নতুন এই নেতাদের স্বাগত জানিয়েছেন। আংশিক কমিটিতে ত্যাগী ও যোগ্যরা স্থান পাওয়ায় দলের নেতাকর্মীরা সন্তুষ্ট। রাজধানী ঢাকাসহ সারাদেশের নেতাকর্মীরা মনোবল ফিরে পেয়েছেন এবং তারা উজ্জীবিত। গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা গেছে, কমিটির নেতাকর্মীদের মন চাঙ্গা হয়েছে। অনেকে আনন্দে উদ্বেলিত। পছন্দের নেতা মনোনীত হওয়ায় মিষ্টি বিতরণ করেছেন কেউ কেউ। তবে যারা কাক্সিক্ষত পদ পাননি, সেসব নেতাদের মধ্যে ক্ষোভ রয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির নতুন নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে সফলতা আসবে। একইসঙ্গে দলের সব প্রতিকূল অবস্থা কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কমিটির বিষয়ে এই মুহূর্তে দায়িত্বশীল নেতারা মন্তব্য করা থেকে দূরে রয়েছেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, ত্যাগী এবং যোগ্যদের কমিটিতে জায়গা দেওয়া হবে। এটাতো চেয়ারপারসন ইতোপূর্বে ঘোষণা দিয়েছেন। আপনারা দেখছেন ঘোষিত কমিটিতে তারই প্রতিফলন ঘটেছে।
বরিশালের সাংগঠনিক সম্পাদক পদে বিলকিস জাহান শিরিনকে দায়িত্ব দেওয়ার পর। বরিশাল বিভাগে সাংগঠনিক সম্পাদক পদ পেতে লবিং করেছিলেন এবিএম মোশাররফ হোসেন ও মাহবুবুল হক নান্নু। কিন্তু শেষান্তে বিলকিসকেই সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ মোশাররফ ও নান্নু সমর্থকরা। নান্নু ক্ষোভ জানিয়ে বলেন, সাংগঠনিক সম্পাদক রাজনৈতিক পদ। কিন্তু বরিশালের মতো গুরুত্বপূর্ণ একটি বিভাগে সারাক্ষণ ঢাকায় বসে থাকা একজন মহিলাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কি কাজ করবেন। তার কথা কে শুনবে। এতে দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
একাধিক নেতা জানান, ভিশন টোয়েন্টি থার্টি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিএনপি। অতীতে আন্দোলনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নেতৃত্ব সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। দলের প্রতি কমিটমেন্টের কোনো ঘাটতি নেই।























































