পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাওয়ার তালিকায় পান্তা-ইলিশ থাকছে না। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভবনে এ দিনের মেন্যুতে খিচুড়ির সঙ্গে থাকছে বেগুন ভাজি, ডিম ও মুরগির মাংস ভুনা।
ঐতিহ্যবাহী জাতীয় মাছ ইলিশ রক্ষার স্বার্থে পহেলা বৈশাখের খাদ্য তালিকায় ইলিশের কোনো আইটেম রাখছেন না প্রধানমন্ত্রী।
পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার প্রসঙ্গে গতকাল (সোমবার) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, পহেলা বৈশাখ পালনের সঙ্গে ইলিশ খাওয়ার কোনো সম্পর্ক নেই। আমরা গ্রামে বড় হয়েছি, গ্রামে পহেল বৈশাখের দিন হালখাতা হয়েছে। হালখাতা উপলক্ষ্যে মিষ্টিমুখ করেছি। কিন্তু পান্তা-ইলিশ খাওয়ার কোনো রেওয়াজ ছিল না। এমনকি পান্তা ভাত খাওয়ার নমুনা দেখিনি।
পহেলা বৈশাখে ইলিশ নিয়ে এতো মাতামাতি তা শহরের বিষয় এমন মন্তব্য করে আসাদুজ্জামান নূর বলেন, হয়তো শহরের কোনো একজন মানুষ পহেলা বৈশাখের দিন পান্তা-ইলিশ খেয়েছিল সেটি নিয়ে এখন হুজুক চলছে।
আমার প্রস্তাব হলো একদিনে এতো ইলিশ না খেয়ে সারা বছর ধরে বাংলাদেশের মানুষ যাতে ইলিশ খেতে পারে সে দিকে দৃষ্টি দেওয়া উচিত। পহেলা বৈশাখে ইলিশ খাওয়াকে উন্মাদনা বলে অভিহিত করেন সংস্কৃতিমন্ত্রী।
এখন তো ইলিশ ধরা নিষেধ সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে তিনি বলেন, বাজারে এখন যেসব ইলিশ পাওয়া যাচ্ছে তা হিমাগারের।
পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার প্রসঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেন, পহেলা বৈশাখ পালনের সঙ্গে ইলিশ খাওয়ার কোনো সম্পর্ক নেই। তাই পহেলা বৈশাখে বাংলাদেশের মানুষের ইলিশ খাওয়া পরিহার করা উচিত। এতে জাটকা নিধন বন্ধ থাকবে। পহেলা বৈশাখের নামে জাটকা নিধন না চালিয়ে সারা বছরের জন্য মানুষের ইলিশ খাওয়ার সৃষ্টি করা উচিত।























































