শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রাণেতে প্রাণ জাগাতে, প্রাণেতে নব আনন্দ বাজাতে বছর ঘুরে আবার এসেছে বৈশাখ


প্রাণেতে প্রাণ জাগাতে, প্রাণেতে নব আনন্দ বাজাতে বছর ঘুরে আবার এসেছে বৈশাখ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৪.২০১৬

86a1d36ca33fec418e51a778eb9ab3db-570e7a500b2851-500x280

পূর্বাশা ডেস্কঃ

প্রাণেতে প্রাণ জাগাতে, প্রাণেতে নব আনন্দ বাজাতে বছর ঘুরে আবার এসেছে বৈশাখ, এসেছে নববর্ষ। শুভ নববর্ষ ১৪২৩ বঙ্গাব্দ। আজ সকালের সূর্য আনন্দের আলো ছড়িয়ে হাজির হবে বাঙালির জীবনে। আজ পহেলা বৈশাখ। গানের সুরে মন রাঙিয়ে মানুষ বরণ করবে নতুন বঙ্গাব্দ ১৪২৩-কে। গানের সুরে – ‘এসো হে, বৈশাখ এসো এসো/ তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে,/ বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক’।

বিদায়ী বছরের বিষাদময় সব স্মৃতি ভুলে ‘নব আনন্দ বাজুক প্রাণে’। আর প্রাণে প্রাণে লাগুক শুভকল্যাণের দোলা। স্বপ্নময় নতুন বছরে ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’— এমনই মঙ্গল কামনায় আজ পয়লা বৈশাখে ধর্ম-বর্ণ, মত-পথ নির্বিশেষে সর্বজনীন আনন্দ-উৎসবে মেতে উঠবে বাঙালি প্রাণ। সৌহার্দ্য, সম্প্রীতি, সুন্দর ও কল্যাণের জয়গানে স্বাগত জানানো হবে বাংলা নববর্ষকে। কদিন ধরে ঘরে-বাইরে চলেছে নববর্ষ উদযাপনের আয়োজন। আবহমান লোকসংস্কৃতির ঐতিহ্যময় এ উৎসবে মেতে ওঠার প্রস্তুতি। সূর্যালোকে উদ্ভাসিত নতুন বছরের প্রথম সকালের জন্য অপেক্ষা। রাজধানীতে পাখিডাকা ভোরে রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা সুরেলা কণ্ঠে আবাহন করবেন— ‘এসো, এসো হে বৈশাখ তাপসনিঃশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে।’

দুঃখ-কষ্ট আর আনন্দ তো মানুষের জীবনের নিত্যসঙ্গী। কিন্তু মানুষের সম্মিলিত যাত্রা আলোকিত জীবনের দিকে। নতুন বছরে সেই আলোকিত দিন সবার জীবেন বিরাজ করবে- নানা আয়োজনের মধ্য দিয়ে সে প্রার্থনাই করবে সকলে। জাতীয় জীবনে অগ্রগতি, সামাজিক ও অর্থনৈতিক উন্নতির মাঝেও অশিক্ষা, রাজনৈতিক উত্তেজনা, দমন-পীড়ন জনজীবনকে বিপর্যস্ত করছে। হত্যা, ধর্ষণ, এসব বেশকিছুদিন ধরেই দেশের মানুষকে আলোড়িত করেছে। আজ নতুন বছরে সেইসব অন্যায়কে দূরে সরিয়ে শান্তি ও মুক্তির প্রত্যাশাই জানাবে সবাই। কালবৈশাখী ঝড় এসে যেন অন্ধকারকে দূরে সরিয়ে নতুন জীবনকে ঊর্ধ্বে তুলে ধরে সে আকাক্সক্ষাই প্রকাশ পাবে মানুষের হূদয়ে।

‘তোরা সব জয়ধ্বনি কর!/ তোরা সব জয়ধ্বনি কর!!/ ঐ নতুনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই কবিতার ভিতর দিয়েই নতুন বছরে সব অপ্রাপ্তি ভুলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করার সাহস পাবে বাঙালি। ছায়ানট তাই আজ তাদের অনুষ্ঠানে গাইবে মানবতার গান। কবিতার পংক্তিমালায় উচ্চারণ করবে মানবতার জয়গান। মঙ্গল শোভাযাত্রায় এবার ফুটিয়ে তোলা হবে- মা শিশুর সম্পর্কের মাহাত্ম্যকে। আরো অসংখ্য সংগঠন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের আনাচে-কানাচে বরণ করবে নতুন বছরের প্রথম দিনটিকে।রসধমবং

বাংলা বর্ষের প্রচলন

প্রাচীন যুগে ‘বাংলা সনের’ প্রথম মাস ছিল অগ্রহায়ণ। একসময় বাংলায় ‘নববর্ষ’ পালিত হত আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসাবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষি কাজ ঋতুনির্ভর। এই ফসল তোলার সময়ের সঙ্গে সঙ্গতি রেখে কর আদায়ের সুবিধার জন্য মোগল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। হিজরি চান্দ্র সন ও বাংলা সৌর সনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। আর তা কার্যকর হয় তার সিংহাসনে আরোহণের সময় থেকে অর্থাৎ ১৫৫৬ সালের ৫ নভেম্বর থেকে। প্রথমে এ সন ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়। আর বৈশাখ নামটি নেয়া হয়েছিল নক্ষত্র ‘বিশাখা’র নাম থেকে, বিশাখা থেকে নাম হল বৈশাখ। ধীরে ধীরে পহেলা বৈশাখ সামাজিক জীবনে ঘনিষ্ঠভাবে মিশে গেছে। সে সময় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার ও অন্যান্য ভূস্বামীদের খাজনা পরিশোধ করতো। পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতো। এ উপলক্ষে বিভিন্নস্থানে মেলাসহ অনুষ্ঠানের আয়োজন করা হতো।

পহেলা বৈশাখের উৎসবের শুরুটা সেই আকবর আমলেই। এ দিনে তিনি মিলিত হতেন প্রজাদের সঙ্গে। সবার শুভ কামনা করে চারদিকে বিতরণ করা হ’ত মিষ্টি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে বর্ষবরণ উৎসব চলে আসে জমিদার বাড়ির আঙিনায়। খাজনা আদায়ের মতো একটি রসহীন বিষয়ের সঙ্গে যুক্ত হয় গান-বাজনা, মেলা আর হালখাতা। ‘হালখাতা’ রয়েছে। দেশের ব্যবসায়ী মহলে ‘হালখাতা’ অনুষ্ঠান মানে নতুন অর্থবছরের হিসাব খোলা।

পহেলা বৈশাখ উপলক্ষে আজ জাতীয় ছুটির দিন। সংবাদপত্রগুলোও প্রকাশ করছে বিশেষ ক্রোড়পত্র। রেডিও-টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা। সকল প্রতিষ্ঠানের পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি