শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৭.৫ মাত্রা হলেই ধসে পড়তে পারে ঢাকার দেড় লাখ ভবন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৬

dcc-area-37204-400x252
ডেস্ক রিপোর্টঃ

দরজায় কড়া নাড়ছে ভূমিকম্প। তিনমাসের ব্যবধানে দু’দফা ঝাঁকুনি দিয়েছে। গত বুধবার মিয়ানমারে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প বাংলাদেশ কেঁপে উঠে। ভূমিকম্পের মাত্রা ৭.৫ রিখটার স্কেলে হলে রাজধানী ঢাকার প্রায় দেড় লাখ ভবন ধসে পড়তে পারে বলে ইউএনডিপির তথ্যে বেরিয়ে এসেছে। কীভাবে ভূমিকম্পের ভয়াবহ ক্ষতি ও প্রাণহানি থেকে নিজেদের রক্ষা করা যায়, তা নিয়ে প্রস্তুতি নিচ্ছে দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বসে নেই সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভাগ-দফতর। অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করেছে তারা।

জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপির তথ্যমতে, রাজধানী ঢাকার অর্ধেকের বেশি ভবনের বয়স ৩০ বছর কিংবা তারও বেশি। মোট ভবনের প্রায় ৪০ শতাংশই ঝুঁকিপূর্ণ। ‘মধ্যম’ মানের ৩৫ শতাংশ ভবন ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প নিয়ে কাজ করছে, এমন বেসরকারি সংস্থারগুলোর হিসাব অনুযায়ী, ঢাকার দুই সিটি কর্পোরেশন অঞ্চলের ৩ লাখ ২৬ হাজার ভবনের উপর পরিচালিত সমীক্ষা থেকে জানা গেছে, এমন ৭ থেকে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৭২ হাজার ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আরও ৮৫ হাজার মাঝারি ধরনের ভবন ক্ষতিগ্রস্ত হবে। এতে নিহতের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৪ লাখে। শুধু ভবন ভাঙার কারণেই ক্ষয়ক্ষতি হবে ৬ বিলিয়ন মার্কিন ডলারের সমান সম্পদ।

২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর আমাদের দেশে ঝুঁকিপূর্ণ ভবনগুলো লাল চিহ্নিতকরণের ঘোষণা দেওয়া হয়। কিন্তু সেটি ফিতায় বন্দী রয়েছে। ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে হিমালয়ের দেশ নেপাল। নৈসর্গিক ভূমি হয়ে যায় শ্মশান। এতে ভাবিয়ে তোলে বাংলাদেশেও। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) দেশে ৫ হাজার ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করেছে। এসব ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার নিয়ম থাকলেও প্রভাবশালীদের চাপে তা বাস্তবায়ন করা সম্ভব হয়ে উঠছে না।  ভূমিকম্পে বাংলাদেশে সম্ভাব্য ক্ষয়ক্ষতি বাড়ার কারণগুলোর মধ্যে রয়েছে, ডোবা ভরাট করে বহুতল ভবন নির্মাণ, ভবন নির্মাণে নিম্নমানের কংক্রিট ব্যবহার, অনুমোদনের বাইরে গিয়ে অতিরিক্ত তলা নির্মাণ, আবাসিক বা বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য ডিজাইন করা ভবনে কলকারখানা ও ভারী যন্ত্রপাতি বসানো, জনসংখ্যার ঘনত্ব, অল্প জায়গায় অধিক ভবন, অপরিকল্পিত অবকাঠামো, প্রয়োজনীয় খোলা জায়গার অভাব, গলিপথ ইত্যাদি।

এদিকে, জাতিসংঘ পরিচালিত ‘রিস্ক অ্যাসেসমেন্ট টুলস ফর ডায়াগনসিস অফ আরবান অ্যারিয়াস এগেইন্সট সিসমিক ডিজাস্টার (রেডিয়াস)’ জরিপ অনুযায়ী ভূতাত্ত্বিক ঝুঁকিপূর্ণ বিশ্বের ২০টি নগরীর মধ্যে ঢাকা অন্যতম। কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল সিলেট, ময়মনসিংহ, রংপুরসহ এর আশপাশ এলাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি