বাংলাদেশের সুপরিচিত সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারের ঘটনাকে এই সরকারের চরম স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও আরও দুইজন সংবাদিককে বিভিন্ন মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। এসব গ্রেফতারের ঘটনাকে কিভাবে দেখছেন মানবাধিকার কর্মীরা?
সাংবাদিকদের গ্রেফতারের বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন বাংলাদেশে মানবাধিকার আন্দোলনের শীর্ষ স্থানীয় একজন নেত্রী সুলতানা কামাল। তিনি বলেন, এটা খুবই একটা জটিল বিষয়, খুব সহজে এর উত্তর দেয়া মুশকিল হয়ে যায়। যেহেতু আমাদের রাজনৈতিক সংস্কৃতি এখন এমন একটা পর্যায়ে আছে যেকোন পদক্ষেপের ভেতরেই মানুষ অনেক কিছু প্রশ্ন নিয়ে, অনেক উদ্বেগ নিয়ে তাকাতে বাধ্য হয় এই কারণে কোন কিছুই জনগণকে খুব স্পষ্ট করে জানানো হয় না। আমরা ছিটেফোঁটা কিছু শুনি তারপরে সেই বিষয়টা নিয়ে যৌক্তিক অগ্রগতি থাকবে সেটা আমরা আর দেখতে পাইনা। যার ফলে মানুষের মনে নানা প্রশ্ন জাগতেই পারে বিষয়টা আসলে কি দাঁড়ালো। রাজনীতিতে এখন এত অস্বচ্ছতা বিরাজ করছে যেখানে কোন কিছুই মানুষ সহজভাবে নিতে পারে না। যেই ভাষ্যগুলো সরকারের পক্ষ থেকে আসে কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে আসে কিংবা নিজেদের পক্ষে অন্যান্য রাজনৈতিক দল থেকে আসে সেগুলোও খুব সহজভাবে জনগণকে মেনে নিতে খুব কষ্ট হয়। তার কারণ হিসাবে আমরা দেখতে পাই একপর্যায়ে যেয়ে এটার অনেক সত্যতা বা যৌক্তিকতাই খুঁজে পাওয়া যায় না।
বিএনপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ট হয়েছেন বা খালেদা জিয়ার ঘনিষ্ট সহযোগী যারা হচ্ছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে মাহমুদুর রহমান, শওকত মাহমুদ এবং সর্বশেষ শফিক রেহমান এগুলোর মধ্যে কোন মিল আছে কিনা সে বিষয়ে সুলতানা কামাল বলেন, সাংবাদিক হলেই যে অপরাধ করতে পারবে না সেরকম কোন গ্যারান্টি কেউ দিতে পারছে না। তবে এটা ঠিক সরকার যখন বিরোধী পক্ষের একের পর এক গ্রেফতার করতে থাকে এবং সেই গ্রেফতারের কারণ, সেই গ্রেফতারের যে বিচার প্রক্রিয়া সেটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ দেখা দেয়। একটা অভিযোগ কারও বিরুদ্ধে আসতেই পারে কিন্তু অভিযোগটা কতখানি সত্য, কতখানি শাস্তিযোগ্য অপরাধ সে ব্যক্তি করেছে সেটা আদালতের মাধ্যমে নির্ধারিত হতে পারে। আমরা যেহেতু সেই প্রক্রিয়াগুলি কখনই দেখতে পাইনা এবং সেগুলির যৌক্তিক পরিসমাপ্তি আমাদের সামনে এসে দাঁড়ায় না যার ফলে এই প্রশ্ন মানুষের মনে জাগতে পারে যে এগুলির পেছনে কোন রাজনৈতিক কোন উদ্দেশ্য কাজ করে কিনা।
যাদেরকে যেদিন ধরা হয় সরকারের তরফ থেকে একটা অভিযোগ তোলা হয় যে তিনি এই অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে বা জিজ্ঞসাবাদে তথ্য পাওয়া যাচ্ছে। তারপর তাকে জেলে পাঠিয়ে দেয়া হয় কিন্তু তরপরে সেটা নিয়ে তেমন কিছু হয় না কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর তারা জেলখানায় কাটাচ্ছেন এর কারণ সম্পর্কে সুলতানা কামাল বলেন, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে যদি কথা বলতে হয় তাহলে অবশ্যই একথাটা বলতে হবে যে কোন ব্যক্তি যে কোন অপরাধই করুক না কেন, যত গুরুতর অপরাধই করুক না কেন তার অধিকার রয়েছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ করে দেয়া। আদালতের মাধ্যমে তার দোষ-গুণ বিচার করে সে অভিযোগ যদি প্রমাণিত হয় সে অনুযায়ী তাকে শাস্তি দেয়া। আর যদি তার অপরাধ প্রমাণিত না হয় তাহলে কাউকে আটকে রাখার অধিকার রাষ্ট্রেরও নেই। অতএব আমার মনে হয় রাষ্ট্রের উচিত যতদ্রুত সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে এইসব ঘটনার পরিসমাপ্তিতে নিয়ে আসা। রাষ্ট্র সেটা কেন করে না এর জবাব রাষ্ট্র দিতে পারবে। তবে আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলতে পারি এটা যৌক্তিক কোন আচরণ না, গণতান্ত্রিক আচরণ না। গণতান্তিক আচরণ হলে রাষ্ট্রকে অবশ্যই এই নিয়ম নীতিগুলো মেনে চলতে হবে কারণ আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা সেখানটায় রয়েছে।


























































