বন্দর নগরী চট্টগ্রামের বহুতল ভবনগুলোর মধ্যে দুই তৃতীয়াংশই ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর কারণ হিসেবে নিয়ম না মেনে ভবন নির্মাণ এবং নজরদারীর অভাবকেই দায়ি করছেন তারা। পুরনো মাস্টার প্ল্যানে ক্রমবর্ধ্বমান অবকাঠামো-নির্মাণ নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা বলে নতুন মাত্রার প্ল্যান করছেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ।
২০১৪ সালে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের জরিপ অনুযায়ী বন্দর নগরীতে বহুতল স্থাপনা রয়েছে আড়াই লাখ। বিশেষজ্ঞদের দাবি, এসব স্থাপনার মধ্যে দেড় লাখই ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। শাহ আমানত বিমান বন্দর ও চট্টগ্রাম বন্দর ভবনসহ বেশকিছু সরকারি স্থাপনাকেও এই ঝুঁকির মধ্যে দেখছেন তারা।
চুয়েটের সাবেক উপাচার্য জাহাঙ্গীর আলম বলেন, ‘পুরাতন যে ভবনগুলো আছে সেগুলোর শক্তিবৃদ্ধি করার প্রকল্প হাতে নিতে হবে এবং নতুন যে ভবনগুলো তৈরি হচ্ছে সেগুলো ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা নিয়ে নির্মাণ করছে কিনা তা পর্যবেক্ষণ ও আইনের প্রয়োগ করতে হবে।’
নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভবনের নকশা অনুমোদনের বিষয়টি কাগজে-কলমে ঠিক থাকলেও বাস্তবায়নে ইমারত নির্মাণ বিধিমালা মানা হচ্ছে না এবং নির্মাণকালে বিভিন্ন ধাপে ছাড়পত্র নেওয়ার নিয়ম থাকলেও বেশিরভাগক্ষেত্রেই তা বাস্তবায়িত হচ্ছেনা।
চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার বলছেন, ‘প্রকৃতপক্ষে ইমারত নির্মাণ বিধি অনুযায়ী কাগজ-পত্র ঠিক থাকলো কিন্তু বাস্তবে তা বাস্তবায়ন করছেন কিনা সেটি দেখার বিষয়।’
ক্রমবর্ধমান অনিয়ন্ত্রিত অবকাঠামো নির্মাণ, জনবলসহ নানামূখী সংকটের কথা বলছেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ। সে কারণে নতুন মাস্টার প্ল্যান তৈরীতে হাত দিয়েছে সিডিএ। চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ এর চেয়ারম্যান আব্দুচ ছালাম বলেন, ‘এ লক্ষ্যে আমরা ৪১টি জোন করার সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় মেয়র মহাদয়ের সঙ্গেও আমরা বসেছি। আগামী যে মাস্টার প্ল্যানটা রিনিউ হবে, আমি অবশ্যই বলতে পারি সেখানে জনগনের আশা-আকাঙ্খা প্রতিফলিত হবে।’
ঘূর্ণিঝড়, পাহাড় ধ্বসের মত ভূমিকম্প ঝুঁকিতেও রয়েছে চট্টগ্রাম। অন্য বিপদগুলোতে সতর্ক হওয়ার সুযোগ থাকলেও ভূমিকম্পে এ সুযোগ নেই বললেই চলে। আর তাই বড়ধরণের ক্ষতির সম্ভাবনার কথা উল্লেখ করে জনগনকে সতর্ক করেছে বিশেষজ্ঞরা।


























































