শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এখনই হার্ডলাইনে যাচ্ছে না বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৬

4A515FBE-EE88-45D3-8065-2F471D73B584_cx0_cy13_cw0_mw1024_s_n_r17

ডেস্ক রিপোর্টঃ

সরকার ফের হার্ডলাইনে অবস্থান নিয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীরা তাকে বিভিন্ন মামলায় আদালতে আতœসমর্পণ করানোর জন্য চেষ্টা করছেন। খালেদা জিয়াও আইনী মারপ্যাচে পরে বিভিন্ন মামলায় হাজিরা দিচ্ছেন ও আতœসমর্পণ করছেন। একের পর এক মামলায় হাজিরা দিতে গিয়ে তিনি কিছুটা সমস্যার মধ্যে রয়েছেন। তার উপর মানসিক চাপও রয়েছে। একদিকে নিজের মামলা অন্য দিকে অন্যান্য নেতাদের মামলার ব্যাপারেও তিনি পরামর্শ দিচ্ছেন। সব মিলিয়ে তিনি এখন মামলা মোকাবিলা করার পাশাপাশি দলের সাংগঠনিক ভিত্তিকে আরো সুদৃঢ় করার চেষ্টা করছেন। সেই জন্য আপাতত কোন কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন না। শফিক রেহমানকে গ্রেফতার করার পর বিএনপির এক নেতা কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা সাংবাদিকদের বললেও আসলে খালেদা জিয়া এখন ওই ধরনের কোন কর্মসূচি দিয়ে অন্যান্য নেতাদের উপর সরকারের চাপ বাড়াতে চাইছেন না।

বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, দলের চেয়ারপারসন ছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মামলাগুলোরও বিচারকাজ চলছে। তিনি যেদিন মহাসচিব হন সেইদিনই তার জামিন নাকচ করা হয়। আবার এর কয়েকঘন্টা পর আবার তাকে জামিন দেওয়া হয়।

এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও দুদকের আপিল মামলা চলছে। বিএনপির তিন শীর্ষ নেতার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে ওই সব মামলাগুলোর কাজ আরো দ্রুত গতিতে করতে চায় সরকার। সরকার মনে করছে, বিএনপির নেতাদের নামে যে সব মামলা রয়েছে বিশেষ করে শীর্ষ নেতাদের নামে যেসব মামলা রয়েছে ওই সব মামলাগুলোতে তাদের পক্ষের আইনজীবী বিভিন্ন ইস্যু তৈরি করে মামলার কাজ এগিয়ে নিতে বাঁধা তৈরি করছে। সেই সব বাঁধা দূর করে যত দ্রুত সম্ভব মামলার বিচারকাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া।

আইন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে যে সব মামলা রয়েছে, সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাগুলোতে তারা বছরের পর বছর সময় নষ্ট করছেন। এক একটা মামলায় এত ধরনের আইনী ফাঁক ফোকর বের করছেন ও এমন পরিস্থিতি তৈরি করছেন তাতে করে মামলার কাজ আগানো কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু তারা যাতে সেটা করতে না পারেন সেই জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও চেষ্টা করছেন।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বিএনপি চেয়ারপারসন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে অন্য যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সব মামলার ব্যাপারেই সুর্নিদিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযেগের স্বপক্ষে প্রমাণও রয়েছে। তারা যে অপরাধ করেছেন এই জন্য তাদের অপরাধের শাস্তি হতে হবে। এতদিন ধরে সময় নষ্ট করলেও তারা বেশি দিন সময় নষ্ট করতে পারবেন না। এক পর্যায়েতো তাদের সকল প্রক্রিয়ার পথই সংকুচিত হয়ে যাবে। তিনি বলেন, এই সবের আশ্রয় নিয়ে অপরাধ করে পাড় পাওয়া যাবে না। অভিযোগের প্রমাণ হবে এবং শাস্তিও হবে। এই ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করেই এগুচ্ছেন। তিনি বলেন, বিএনপি যতই বলুক সরকার তাদের দমন নিপীড়ন করছে এই সবের কোন ভিত্তি নেই। আমাদেরকে কাজ করতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কাউন্সিল করেছে। এই কাউন্সিল করার পর আমরা দলকে সব দিক থেকেই আরো সুসংগঠিত করার চেষ্টা করছি। সেই জন্য নেতা কর্মীরাও কাজ করছেন। কিন্তু সেই কাজগুলো আমাদের পরিকল্পনামাফিক করতে পারছি না। ভালভাবে তৈরি করতে দেওয়া হচ্ছে না। সারাক্ষণ মামলা মোকদ্দমাতে নেতাদের হয়রানী করা হচ্ছে।

তিনি আরো অভিযোগ করে বলেন, সরকার একদলীয় শাসন কায়েম করতে চায়। এখন সেই রূপ বাস্তবায়নের জন্য নতুন কৌশল সরকার নিয়েছে। এই জন্য সরকার ভীষণ হার্ডলাইনে রয়েছে। বিএনপিকে সরকার কোন কর্মসূচি পালন করতে দিবে না। সভা সমাবেশ করতে দিবে না। আমরা যে কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি করে এরপর নতুন করে দলকে সুসংগঠিত করে এগিয়ে যাবো সেটা সরকার করতে দিচ্ছে না। আমরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এগুচ্ছি।

ফখরুল বলেন, সরকার গত কয়েকমাসে মাসে যা করেছে তাতে স্পষ্ট যে সরকার আবারও হার্ডলাইনে অবস্থান করছে। কেন সরকার এমন করছে সেটা পুরোপুরি আমরা বুঝতে পারছি না। তবে যতটুকু বুঝতে পারছি যে সরকার ক্রমশই ডেমোক্রেটিক স্পেসগুলো বন্ধ করে দিচ্ছে। দেশে কোন বিরোধি মত থাকতে দিবে না, কেউ সত্য কথা বলতে চাইলে সেটা বলতে দিবে। কেউ বলে ফেললে তাকে গ্রেফতার করবে। এমনটাই চলছে। সব মিলে বিষয়টি এখন ওয়ান পার্টির দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, এখন সরকার ও পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে যে, যেসব মামলায় আসামিদের নাম লেখা নেই ওই সব মামলায় আসামি হিসাবে বিএনপির বিভিন্ন নেতাদের নাম লেখা হয়। আর তা করে তাদেরকে ওই মামলায় আসামি করা হয়। শফিক রেহমান যে অভিযোগে অভিযুক্ত করে গ্রেফতার করা হয়েছে ওই মামলার এজহারে কোথাও তার নাম নেই। এখনও পর্যন্ত কেউ জানে না কি তার অপরাধ। এইভাবেতো চলতে পারে না।

তিনি বলেন, সরকার হার্ডলাইনে গিয়েও বিএনপি এখন কোন ধরনের হার্ডালাইনে যাবে না। বরং সরকারের হার্ডলাইনের বিপরীতে কিংবা আমরা পাল্টা হার্ডলাইনে গেলে সমস্যা আরো বাড়বে। এই কারণে আমরা কৌশল নিয়েছি সরকার যতই হার্ডলাইনে যাক না কেন আমরা তেমন পথে যাবো না। আমরা ডেমোক্রেটিক নর্মসের মধ্যে থেকে কাজ চালিয়ে যাবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি