শিক্ষার লক্ষ্য আলোকিত মানুষ তৈরি করা। কিন্তু, এখন শিক্ষাব্যবস্থা জ্ঞানভিত্তিক না হয়ে, অর্থ উপার্জনের অন্যতম হাতিয়ার হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে, সন্তানরা দেশের সার্বিক উন্নয়নে অংশ না নিয়ে আত্মকেন্দ্রিক হয়ে সমাজে বেড়ে উঠছে।
তাই, শিক্ষায় বিনিয়োগ বাড়ানোসহ মূল্যবোধের বিষয়গুলো তুলে ধরার আহবান শিক্ষাবিদদের।
শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা। কিন্তু, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান অর্জনের চেয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে প্রকৌশলী-চিকিৎসক ও ব্যাংকার হওয়ার প্রবণতা বাড়ছে।
সন্তানের নিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে এতে, উৎসাহ যোগাচ্ছেন- অভিভাবকরাই।
দুর্নীতি-অপরাধ কিংবা অনৈতিক পথেও জড়িয়ে পড়ছেন শিক্ষার্থীদের কেউ কেউ। এজন্য নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। কিন্তু, দক্ষিণ এশিয়ার মধ্যে দেশে বাজেটে কম গুরুত্ব পাচ্ছে- শিক্ষাখাত।
ব্যানবেইসের তথ্যমতে, দক্ষিণ এশিয়ায় শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ নেপালের।
নেপাল ২২.১ শতাংশ, আফগানিস্তান ১৮.৪ শতাংশ, ভুটান ১৭.৮ শতাংশ, মালদ্বীপ ১৫.৩ শতাংশ, ভারত ১৪.১ শতাংশ, বাংলাদেশ ১৩.৮ শতাংশ।
শিক্ষায় বিনিয়োগ বাড়লে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নমুখী হবে বলে মনে করেন- শিক্ষাবিদরা।
শিক্ষাবিদ ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘৯০ ভাগ ছাত্র-ছাত্রীর উদ্দেশ্য থাকে যে বিসিএস পরীক্ষা। অর্থাৎ তাদের টার্গেটই থাকে একটি চাকুরি পেতে হবে। সেখানে ঘুষ খাব কি খাবো না এবং কোন রকম দায়বদ্ধতার জায়গা থাকে না।’
শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, শুধু পাঠ্যপুস্তক নয়, ‘আমাদের জাতীয় চরিত্রের মধ্যে যে দূষণগুলি আছে সেগুলো পরিষ্কারের ব্যবস্থা করতে হবে।’
বেনবেইসের তথ্যমতে, ২০১৪-১৫ অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ ছিল ২৯ হাজার ২৩১ কোটি টাকা আর ২০১৫-১৬ অর্থবছরে কমে দাঁড়ায় ১৭ হাজার ১০৩ কোটি টাকা।


























































