স্পোর্টস ডেস্ক :
মুস্তাফিজুর রহমানকে নিয়ে দুশ্চিন্তার যথেষ্ট কারণ রয়েছে মাশরাফি বিন মর্তুজার। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ‘আশীর্বাদ’ তিনি। কিন্তু আইপিএলে খেলার সময় মুস্তাফিজকে নিয়ে অধিনায়কের ভয় একটু ‘অন্যরকম’। সেটা ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ভয়।
মাশরাফির মতে, মুস্তাফিজের সারল্যের সুযোগ নিতে পারে বাজিকররা। চাপে ফেলে ‘কাঁটার মাস্টার’কে ফিক্সিংয়ে বাধ্য করা হতে পারে। ভয়টা তাই থাকছেই।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে এসে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে নিজের এমন ভয়ের কথা জানান মাশরাফি। বলেন, ‘মুস্তাফিজকে নিয়ে আমার খুব ভয় হয়। ওকে আবার বাজিকররা টার্গেট করে ম্যাচ ফিক্সিংয়ে বাধ্য করে কিনা! এটা নিয়েই আমার বেশি চিন্তা। যদিও আইপিএল খেলতে যাওয়ার আগে আমি মুস্তাফিজকে বলেছি, কখনো কোনো সমস্যা মনে হলে আমাকে ফোন করে জানাবি। সুজন (বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন) ভাইয়ের ফোন নাম্বার নিয়ে যেতেও বলেছি। কিছু হলে ওনাকেও ফোন করে জানাতে বলেছি।’
অধিনায়কের পরামর্শ অনুযায়ীই কাজ করছেন মুস্তাফিজ। হোটেলের লবিতেও বের হন না সেভাবে। সবাই ঘুরতে গেলেও, তিনি ঘরেই সময় কাটান। এক ক্ষুদে বার্তার মাধ্যমে মাশরাফিকে একই খবর নিশ্চিত করেছেন সাকিব আল হাসানও। ব্যাঙ্গালুরুতে তিনি নাকি অনেক জোর করে তাকে হোটেল রুম থেকে বের করেছেন।
হায়দ্রাবারের হয়ে খেলেছেন দুটি ম্যাচ। মাত্র তিন উইকেট নিলেও, রান খরচের (দুই ম্যাচে ৫৫ রান) দিক থেকে ছিলেন দলের মধ্যে অন্যতম কৃপণ। এছাড়া বল হাতে অনেক কঠিন সময়েও প্রতিপক্ষকে চেপে ধরতে সমর্থ হন।


























































