শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আর কেউ মিথ্যা বলার চেষ্টা করবেন?’ : জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৬

LN6OaSFv9BNx-400x313

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হওয়া সাংবাদিক শফিক রেহমানের ‘স্বীকারোক্তি’ এবং তার বাড়ি থেকে যুক্তরাষ্ট্রে জয়ের অবস্থান সম্পর্কিত বিভিন্ন নথি উদ্ধারের পর বিভ্রান্তি ছড়ানোর আর সুযোগ নেই বলে মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জয়।

দেশের গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব সহকারে প্রকাশিত এই খবরটির একটি অনলাইন নিউজ সাইটের লিঙ্ক জুড়ে দিয়ে “এই ঘটনা নিয়ে আর কেউ মিথ্যা বলার চেষ্টা করবেন?” বলে প্রশ্ন ছুড়ে দেন তিনি।

শফিক রেহমানকে গ্রেফতারের ঘটনায় পক্ষে বিপক্ষে নানা মন্তব্যের ঝড় উঠে। ‘ভিন্নমত দমনের জন্য’সহ ‘বায়বীয় অভিযোগে’ গ্রেফতার মতো বিরোধী মতও বেশ জোড়ালো ভাবেই উচ্চারিত হয়। ঘটনার সর্বশেষ তথ্য উদঘাটনের পর বিতর্কের আর কোন অবকাশ নেই বলেই জয়ের স্ট্যাটাসে ধ্বণিত হয়।

সজীব ওয়াজেদ জয় লিখেন, “শফিক রেহমানের বাড়িতে একটি গোপনীয় স্থানে যুক্তরাষ্ট্রে আমার অবস্থান সম্পর্কিত তথ্যাদিসহ এফবি আইর গোপন নথি লুকিয়ে রাখা হয়েছিল। শফিক রেহমান স্বীকার করেছেন যে, প্রমাণিত অপরাধী এবং সাজাপ্রাপ্ত এফবি আই এজেন্ট রবার্ট লাস্টিকের কাছ থেকে তিনি এসব নথি পেয়েছেন। তিনি এটাও স্বীকার করেছেন যে, যারা যুক্তরাষ্ট্রে আমাকে অপহরণ এবং খুনের পরিকল্পনার দায়ে ইতোমধ্যে অভিযুক্ত সেই রিজভি আহমেদ সিজার এবং জোহানস থালেরের সাথেও তার কয়েকটি মিটিং হয়েছে।”

এর পরেই একটি নিউজ সাইট থেকে খবরটির লিঙ্ক জুড়ে দিয়ে জয় প্রশ্নটি করেন জয়।

সাংবাদিক শফিক রেহমান রিমান্ডে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার ষড়যন্ত্রে জড়িতদের সঙ্গে গোপন বৈঠক করার কথা স্বীকার করেছেন বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এর অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

এছাড়াও তার বাসায় তল্লাশি চালিয়ে এক মার্কিন নাগরিকের তথ্য এবং জয়ের গাড়ির মডেল ও তার যুক্তরাষ্ট্রের বাসার ঠিকানা লেখা ফাইল জব্দ করার কথাও জানান তিনি।

তবে রিমান্ডকে ‘টর্চার’ সেল হিসেবে দাবি করে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, রিমান্ডে নির্যাতনের কারণে তিনি এরকম কিছু বলে থাকলেও এটা কোনো স্বীকারোক্তি না। রিমান্ড শেষে তিনি ম্যাজিস্ট্রেটের সামনে কী জবানবন্দি দেন আইনের চোখে সেটাই গুরুত্বপূর্ণ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি