শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » মুরাদনগরে আ’লীগের মনোনয়নের নামে হাতিয়ে নেয়া ৫ কোটি টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন


মুরাদনগরে আ’লীগের মনোনয়নের নামে হাতিয়ে নেয়া ৫ কোটি টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৬

comilla muradnagar pic alig 3

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়ার আশ্বাসে কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার কর্তৃক চেয়ারম্যান প্রার্থীদের নিকট থেকে হাতিয়ে নেয়া প্রায় ৫ কোটি টাকা ফেরতের দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ ও ভোক্তভোগী চেয়ারম্যান প্রার্থীগণ।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে উপজলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় , পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল হাকিম চেয়ারম্যান।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ২২ ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়ার আশ্বাসে প্রতারণা করে কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের নিকট থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নিলেও তৃণমুলের মতামত ছাড়াই তার একক স্বাক্ষরে ও মনগড়া পছন্দের লোকদের প্রস্তাবিত তালিকা কেন্দ্রে জমা দিয়েছেন। এতে অনেকেই এখন টাকা ফেরত পেতে জাহাঙ্গীর সরকারের ঢাকার অফিস ও ধানমন্ডির বাসায় ভিড় করছেন।

Comilla muradnagar pic -2

সংবাদ সম্মেলনে উপস্থিত টনকী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক জাকির হোসেন সরকার জানান, আমাকে দলীয় মনোনয়ন দেয়ার আশ্বাসে জাহাঙ্গীর আলম সরকার ২০ লাখ টাকা হাতিয়ে নিলেও পরে ৭০ লাখ টাকার বিনিময়ে বিএনপি-জামায়াত সমর্থক অন্য একজনকে মনোনয়নের জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠিয়েছেন। আমি টাকা ফেরৎ চাইলে এখন উল্টো আমাকে হুমকি দেয়া হচ্ছে। এ সময় আরো অভিযোগ করা হয়, প্রতারিত চেয়ারম্যান প্রার্থীদের অনেকেই টাকা ফেরত চেয়ে এখন হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছেন।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর সরকারের নানা অনিয়ম ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ তুলে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস আলী, বাচ্চু মিয়া, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, ইউনিয়ন আ’লীগের সভাপতি শরীফুল ইসলাম চেয়ারম্যান, ওমর ফারুক চেয়ারম্যান. উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুর রহিম, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুল আলম সাধন, ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগ নেতা ওমর ফারুক।

পরে উপজেলা পরিষদের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় মনোনয়নের জন্য হাতিয়ে নেয়া টাকা ফেরতের দাবিতে প্রতারিত চেয়ারম্যান প্রার্থীগণ বক্তব্য রাখেন।

এসব অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম সরকার জানান, যারা যোগ্য তারাই মনোনয়ন পাবেন, যারা মনোনয়ন না পাওয়ার আশংকা করছেন তারাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি