শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আগামী ইউপি নির্বাচনে শক্ত হতে পারবে ইসি ?


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৬

up-ele-1-400x320
ডেস্ক রিপোর্টঃ

আগামী ২৩ এপ্রিল শুরু হবে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন। প্রথম দুই ধাপে ইউপি নির্বাচন করে ইসি ব্যাপক সমালোচিত হয়েছে দেশে এবং বিদেশে, এমন অভিযোগ তুলেছে অনেকে। অনেকটা ভাবমূর্তি সংকটেও পড়েছে ইসি। অনেকে নির্বাচন কমিশনকে মেরুদ-হীন আখ্যা দিয়েছেন। এ নিয়ে ইসির ভেতর ক্ষোভ থাকলেও কেউই তা প্রকাশ করতে চান না। একারণে এবার আগের চেয়ে শক্ত অবস্থানে থেকে ইউপি নির্বাচন করতে চায় ইসি।

‘এ কেমন কমিশন, নড়েও না চড়েও না’ ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতার মনে নির্বাচন কমিশন নিয়ে যখন এমন প্রশ্ন, তখন স্বভাতই বিরোধী রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাধারণ মানুষের কাছে বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কেন্দ্র করে মানুষ মরছে। কারচুপির বিষয়টি প্রকাশ্যেই ঘটছে। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের পথে যাচ্ছে বলে বিশিষ্টজনদের মত।

কিন্তু ক্ষমতা থাকার পরও ইসি একেবারেই চুপ, কোথাও ক্ষমতার প্রয়োগ নেই। দৃশ্যমান কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। নির্বাচন নিয়ে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সুরঞ্জিত সেনগুপ্তের মতো সবাই বলছেন, এ কেমন ইসি।

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) পুরোপরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। ব্যর্থতার দায় নিয়ে ইসির সরে দাড়ানো উচিৎ বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সুজন সম্পাদক বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা পুরোপুরি কলুষিত হয়ে গেছে। নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তাদের অযোগ্যতা ও অদক্ষতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। আর তাই সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি পুরোপুরি ব্যর্থ। ব্যর্থতার দায় নিয়েই তাদের সরে দাঁড়ানো উচিত। তিনি আরো বলেন, প্রমাণ হয়ে গেছে যে, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ তাদের কোনো মেরুদ- নেই। বিএনপি সরকারের আজিজ মার্কা কমিশনের চেয়েও এই কমিশন খারাপ। ভোট দিতে গিয়ে লাশ হয়ে ফিরছে মানুষ। মানুষের জানমালের নিরাপত্তা নেই। দেশের মানুষ স্বাভাবিক জীবন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, বর্তমান অবস্থার পরিবর্তন চায়, দুঃসহ অবস্থা থেকে মুক্তি চায়। ৭ এপ্রিল বগুড়া জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

নির্বাচন কমিশন ও প্রশাসন মিলিতভাবে ক্ষমতাসীন আ’লীগকে জেতানোর জন্য কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। ২৭ মার্চ নির্বাচন কমিশনে গিয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশনের কর্তৃত্ব নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাহী বিভাগ, সরকার এবং ক্ষমতাসীন দল যা বলছে নির্বাচন কমিশন তা-ই করে যাচ্ছে।

সংবিধানের ১২৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশনের দায়িত্বপালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হইবে।’ ১১৮ অনুচ্ছেদের ৪ ধারায় বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন দায়িত্বপালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবলই সংবিধান ও আইনের অধীন হইবেন।’

ইসি কর্মকর্তারা বলেন, নির্বাচন অনুষ্ঠানে ইসিকে সাংবিধানিকভাবেই অনেক ক্ষমতা দেওয়া হলেও তার ব্যবহার দেখা যায় না। উল্টো ইসি বলছে, সহিংসতার দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। অথচ এই বাহিনীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থাগ্রহণের ক্ষমতা রয়েছে ইসির। কমিশনের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও কঠোর না হওয়ার ফলে সহিংসতা ও অনিয়ম বাড়ছে। ইসি তার ক্ষমতা ব্যবহার করলে ভোটগ্রহণ আরও সুষ্ঠু হতো।

গত বছর ২৮ এপ্রিল অনুষ্ঠিত হয় ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি নির্বাচন। এতে অনিয়ম-কারচুপির অভিযোগ এনে দুপুরের আগেই চট্টগ্রামে নির্বাচন বর্জনের ঘোষণা দেন মনজুর আলম। ঢাকায় একই ঘোষণা দেন মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস এবং তাবিথ আউয়াল। এ নির্বাচনের ভোটগ্রহণ চালকালে সরকার-সমর্থক নেতাকর্মী ও পুলিশের হামলার শিকার হয়েছেন ২১ সাংবাদিক। লিখিত অভিযোগ করলেও ইসি এর সত্যতা খুঁজে পায়নি, ব্যবস্থা নেয়নি।

গত বছর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ২৩০টি পৌর নির্বাচনেও কারচুপির অভিযোগ আনে বিএনপি। এই নির্বাচনে সহিংসতায় নিহত হয় দুজন, আহত দুই শতাধিক। এতে বিএনপি সমর্থিত ১৯ প্রার্থী জয়ী হন। জয়ী অন্যরা আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহী প্রার্থী। এই ভোটেও আগের রাতে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের পক্ষে ব্যালটে সিল মারার খবর প্রকাশিত হয়।

২০১৪ সালে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম পর্বের ভোটে তেমন গোলযোগ না হলেও পরবর্তী পাঁচ ধাপে সহিংসতা ও গোলযোগ হয়। এ সময় সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ দেশের বাইরে থাকায় এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে। মোট ছয় ধাপে প্রায় সাড়ে চারশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

দশম জাতীয় নির্বাচনে অর্ধেকের বেশি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারি বাকি আসনগুলোতে যে ভোটগ্রহণ হয়, তাতেও ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। এ নিয়ে এখনো সমালোচনা চলছে দেশি ও আন্তর্জাতিক মহলে।

সর্বশেষ ইউপি নির্বাচনেও ব্যাপক সহিংসতা ও কারচুপির অভিযোগ উঠেছে। ২২ মার্চ ৭১২টি ইউপির ভোটকে কেন্দ্র করে নিহত হয় ২৪ জন। আহত হয় দুই সহস্রাধিক। এর পরেও সিইসির দাবি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, সহিংসতার দায় আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী ও মাঠ কর্মকর্তাদের। এর পর নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, সহিংসতার সব দায় নেবে না ইসি।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমদ গণমাধ্যমকে বলেন, ভোট সুষ্ঠু করার মূল দায়িত্ব ইসির। অন্য কারো ওপর দায় চাপিয়ে লাভ হবে না। নির্বাচনের সময় যাবতীয় অঘটনের দায় ইসিকেই নিতে হবে।

গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৩৯টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ধাপের সহিংসতায় শিশুসহ নিহত হয় ৯ জন। আহত শতাধিক। এ ধাপে ভোটের পর অনিয়মের অভিযোগ এনে পরবর্তী ধাপের ভোট বর্জনের হুমকি দিয়েছে বিএনপি। ইউপি নির্বাচনের আগে ও পরে এখন পর্যন্ত ৪৮ জন লোক নিহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক প্রিসাইডিং অফিসার গণম্যামকে বলেছেন, আমাদের আসলে কিছু করার নেই। ইসি কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা বলে কী হবে। শুধু লাঞ্ছিত হতে হবে।

সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন গণমাধ্যকে বলেছেন, নির্বাচন কমিশন এখন বিবৃতিনির্ভর প্রতিষ্ঠান। যা হওয়ার হয়ে যাচ্ছে। এরপর সন্ধ্যার সময় একটা বিবৃতি দিয়ে কমিশন তাদের দায়িত্ব সারছে। এর মাধ্যমে নির্বাচনী সংস্কৃতির ইতিবাচক ধারাটি ধ্বংস হয়ে যাচ্ছে। সামনের দিনে মানুষ ভোটকেন্দ্রে যাবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

ক্ষমতাসীন জোটের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রশেদ খান মেনন বলেন, এদেশের জনগণ তৃণমূলে ভোট প্রয়োগ ও ভোটের অধিকার নিশ্চিত করতে চায়। ইউনিয়ন পরিষদ নির্বাচন সাধারণ মানুষের কাছে উৎসব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সেই আকাঙ্খার প্রতিফলন ঘটছে না। সহিংসতা, আতঙ্ক ও কারচুপি ভোটের ন্যায্যতাকে ধ্বংস করে দিচ্ছে। নির্বাচন কমিশনের উচিত হবে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আইনশৃক্সখলা রক্ষাসহ অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব সহিংতার দায় নির্বাচন কমিশনের। নির্বাচনে রক্তের গঙ্গা বইছে। সহিংসতাপূর্ণ নির্বাচনের বিপক্ষে জনগণকে সোচ্চার হতে হবে। বলতে হবে আমরা হুমকি, হত্যা, গুম, নির্যাতন ও রক্তের নির্বাচন চাই না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি