নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় নৌকা ডুবে নিখোঁজ শিশু সাফিনের মরদেহ ভেসে উঠলেও তার মায়ের খোঁজ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে মদনগঞ্জ শাহ সিমেন্ট ঘাট এলাকায় তিন বছর বয়সী সাফিনের মরদেহ ভেসে ওঠে।
বন্দর থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তার মা সেতু বেগমের কোনো সন্ধান এখনও পাইনি। সকাল থেকে তল্লাশি চলছে।
এর আগে বুধবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ নদীবন্দরের কেন্দ্রীয় খেয়াঘাট এলাকায় ওই দুর্ঘটনার পর থেকে মা ও ছেলে নিখোঁজ হন বলে নারায়ণগঞ্জ নৌপুলিশের এসআই আবু তাহের জানান।
তিনি জানান, নারায়ণগঞ্জ শহরে ডাক্তার দেখানোর জন্য নৌকায় করে নদী পার হচ্ছিলেন বন্দর রেলিবাগান এলাকার চান মিয়া তার স্ত্রী সেতু ও ছেলে সাফিন। এ সময় উত্তর দিক থেকে আসা একটি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও মা-ছেলে তলিয়ে যায়।
এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাতে বালুবাহী বাল্কহেড চলাচল করায় এলাকাবাসী রাতে লাঠিসোঁটা নিয়ে নৌবন্দর এলাকায় বিক্ষোভ করে।























































