ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লা ১৮টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ, ভোট কারচুপি ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এদিকে বিভিন্ন অনিয়মের কারণে কুমিল্লা আর্দশ সদর উপজেলায় তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকাল থেকে কুমিল্লার তিন উপজেলার ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়।
স্থগিত কেন্দ্রগুলো হলো- আর্দশ সদরের ৩নং দক্ষিণ দুর্গাপুরের খেতাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধিনগর সার্বিক গ্রাম সমবায় সমিতি কেন্দ্র ও ২নং উত্তর দুর্গাপুরের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে আর্দশ সদরের ৩নং দক্ষিণ দুর্গাপুরের খেতাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকালে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৫জন আহত হয়।
সকাল সাড়ে ১০টায় কালিবাজার ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ৬ জন আহত হয়।
সকাল সাড়ে ১০টা ও দুপুর সোয়া ১২টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাজগড্ডা মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় এক মেম্বর প্রার্থীসহ কমপক্ষে ৫জন আহত হন।
বেলা সাড়ে ১১টায় লাকসাম উপজেলার আসগরা ইউনিয়নের ঘাটার নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে সামসু মেম্বরসহ ১৫জন আহত হয়।
সকাল সাড়ে ১০টার দিকে বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের লালমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আ’লীগ দলীয় প্রার্থী মোস্তফা ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী প্রার্থী) হাজী শাহ আলমের সমর্থকের মধ্যে সংঘর্ষ এবং গুলিবিনিময়ের ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৫জন আহত হয়।
বেলা সাড়ে ১১টার দিকে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের হাজী চেরাগ আলী উচ্চ বিদ্যালয় ও বারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আ’লীগ ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর মধ্যে সংঘর্ষে দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ প্রায় একঘণ্টা সাময়িক স্থগিত হয়েছিল। পরে আবার ভোটগ্রহণ শুরু হয়।
এদিকে ভোট কারচুপির অভিযোগ এনে কুমিল্লা সদরের কালিবাজার ইউনিয়নের বিএনপি প্রার্থী আলী হোসেন ও লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের বিএনপি প্রার্থী নুরুন্নবী চৌধুরী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে এবং সংঘর্ষের বিষয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।


























































