ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ না হতেই ৮ লেন করার প্রয়োজন দেখা দিয়েছে। তাই গুরুত্বপূর্ণ এই মহাসড়কের সংস্কারের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে ২শ’ ১৮ দফা প্রস্তাবনা দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স।
আসন্ন বাজেটের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে দেয়া এসব প্রস্তাবনায় কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে পর্যাপ্ত বরাদ্দ দেয়ারও আহ্বান জানানো হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ কখন শুরু হয়েছিলো তা নিশ্চিত করে কেউ তা বলতে পারছে না। অন্তত নয় বছরের বেশি সময় ধরে চলছে এ মহাসড়কের উন্নয়ন কাজ। কিন্তু দেশের প্রধান সামুদ্রিক বন্দরের অবস্থান চট্টগ্রামে হওয়ায় শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের প্রধান মাধ্যম এ মহাসড়কটি। তাই দাবি উঠেছে মহাসড়ককে আট লেনে উন্নীত করার।
এ প্রসঙ্গে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম বলেন, এই কাজ যত দ্রুত সম্ভব শেষ করা যায়, সে ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীকে অতিদ্রুত ট্যানেল নির্মানের কথা বলেছি। প্রতি বছর জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট পেশের আগে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা নেয় জাতীয় রাজস্ব বোর্ড। এ প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে চট্টগ্রাম চেম্বার লিখিতভাবে ২শ’ ১৮টি উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন করে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, বিদেশি বিনিয়োগকারিদের আকৃষ্ট করার জন্য আমরা এসব পস্তাব দিয়ে থাকি। আমাদের সরকার ও রাজস্ববোর্ডের পক্ষ থেকে অনেক প্রস্তাব গ্রহণ করে। এবং সেগুলো বিভিন্ন মেয়াদে ধিরে ধিরে বাস্তবায়ন করে থাকে। চেম্বারের এসব প্রস্তাবনার মধ্যে ১শ’ ৪২টি প্রস্তাবই শুল্ক সংক্রান্ত। এর বাইরে ভ্যাট সংক্রান্ত ২১টি এবং আয়কর সংক্রান্ত ৫৫টি প্রস্তাবনা রয়েছে।


























































