রাজধানীর মোহাম্মদপুর এলাকার চারটি অবৈধ পানির কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। এ সময় নোংরা পানি বাজারজাত করার অভিযোগে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং এবং বসিলা এলাকার রাজিব ফ্রেস পিউর ড্রিংকিং ওয়াটার, স্মার্ট ফুড এন্ড বেভারেজ, রিলেবল ড্রিংকিং ওয়াটার এবং অন্তর ড্রিংকিং ওয়াটার কারখানায় অভিযান চালায় র্যাব-২ এর ভ্রাম্যমান আদালত।
র্যাব-২ এর এএসপি মো. খালিদ বোরহান জানান, ওই কারখানাগুলো ওয়াসার লাইন হতে পরিশোধন বা ফিল্টারিং ছাড়াই নোংরা পরিবেশে পানি বোতলজাত করছে। এছাড়া কারখানাগুলোতে কোন প্রকার বায়ো কেমিস্ট বা মান-নিয়ন্ত্রককে অভিযানের সময় দেখা যায়নি। তারা লাইসেন্স ছাড়া অবৈধভাবে পানি বোতলজাত করে বাজারজাত করছিল। এসব অভিযোগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ফ্রেস পিউর ড্রিংকিং ওয়াটারের ম্যানেজার মিজানুর রহমান, কর্মী শাহাদৎ ও মারুফকে একলাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড, স্মার্ট ফুড এন্ড বেভারেজের ম্যানেজার মাহবুবুর রহমান ও মো. মোস্তফাকে ১ মাস, রিলেবল ড্রিংকিং ওয়াটারের ম্যানেজার মো. শাহাদৎ হোসেন ও কর্মী মো. ফয়সাল এবং ইমদাদুলকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন। এছাড়া অন্তর ড্রিংকিং ওয়াটারের ম্যানেজার মো. দেলোয়ার হোসেনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরও জানান, কারখানাগুলো থেকে অস্বাস্থ্যকর ভাবে প্রস্তুতকৃত ২০ লিটারের ৪৪৭ টি জার ও ৬ টি পানির পাম্প বিএসটিআই কর্তৃক জব্দ করা হয়েছে।























































