ডেস্ক রিপোর্টঃ
রাজধানী ঢাকার দক্ষিণখানে স্বামী-সন্তানের সামনে এক বৃদ্ধা ও এক নারীকে পিটিয়েছে জমির দালালরা। ১৮ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটলেও শুক্রবার রাতে ঘটনাটির তিনটি ভিডিও ক্লিপ এসএটিভি’র হাতে আসে। এরপর এসএটিভি’র অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর আরো কিছু তথ্য। জানা যায়, নির্যাতিতরা এ বিষয়ে মামলা করতে থানায় গেলে উল্টো তাদেরই কারাগারে পাঠানো হয়।
দক্ষিণখানের ৪৫/১ মধ্য ফায়েদাবাদের এই বাড়িটির মালিকানা দাবি করেন মাকসুদা বেগম। আর সেখানেই নির্মম এই নির্যাতনের শিকার হলেন তিনি ও তার মা হালিমা বেগম। ৯ মিনিট ২১ সেকেন্ড, ৫ মিনিট ৫০ সেকেন্ড ও ৪ মিনিট ১০ সেকেন্ডের তিনটি ভিডিওতে দেখা যায়, তাদের পালাক্রমে পেটাচ্ছে ৬-৭ জন নারী ও ৮-৯ জন পুরুষ। কখনো লাঠি, কখনো হাতুড়ি, এমনকি রড ও ইট দিয়ে পেটানো হচ্ছে। এতে মাটিতে লুটে পড়েছেন ৭০ বছরের বৃদ্ধা হালিমা বেগম। এক পর্যায়ে তাদের প্রায় বিবস্ত্র করেও ফেলা হয়। এপর্যায়ে তাদের উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হন ছেলে কামরুল হাসান মুন্না ও বাবা আবুল হোসেন খানও।
ছেলে কামরুল হাসান মুন্না বলেন, আমার আম্মুকে এবং আমার নানুকে এস আই শাহ জাহান ঘটনা স্থল থেকে উদ্ধার করেন দড়ি বাঁধা অবস্থায় এবং সমস্ত শরীরে প্রচুর জখম ছিল। ক্যামেরার ফুটেজটা ওসি সাহেবকে দেখানোর জন্য অনেক অনুরোধ করেন কিন্তু ওসি সাহেব তা না শুনে আমার মাকে অকথ্য ভাষায় গালাগালি করেন।
পাশেই একটি ভবনে থাকা তিনটি সিসি ক্যামেরায় ঘটনাটি ধারণ হচ্ছে বুঝতে পেরে হামলাকারীরা সেগুলো ভেঙে ফেলে। তার আগেই অপর সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, নাসিমা বেগম নামে এই মহিলা প্রথম হামলা করেন। অথচ তার দাবি, তিনিই নাকি আহত হয়েছেন। আর মোস্তফার দাবি, তারা হামলা করেননি।
নাসিমা বেগম দাবি করে বলেন, এক পর্যাযে ওনি ওনার মায়ে আমারে মারলো। তকন আমার ননদে যখন বাইতে আইছে তখন তার বড় ছেলে এসে চাপাতি দিয়ে মাথায় একটা কোপ।
অনুসন্ধানে জানা গেছে, হামলাকারীদের নাম। তারা হলেন- মিজানুর রহমান সরদার, নাছিমা বেগম, বাচ্চু মিয়া, ফাতেমা বেগম, আতাহার আলী ওরফে আতশ, রাশেদা বেগম, মোহাম্মদ আলী, মিন্টু মিয়া, জয়, মহসিন, খলিল মিয়া, সামসু, হালিমা বেগম।
ঘটনার পর দক্ষিণখান থানায় মামলা করতে গেলে পুলিশ উল্টো হামলাকারীদের করা মামলায় মাকসুদা, তার স্বামী ও ছেলেকে আটক করে কারাগারে পাঠায়। এরইমধ্যে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন মাকসুদা। এ বিষয়ে দক্ষিণখান থানার ওসি ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও গোপনে জানালেন ভিন্ন কথা।
দিন দিন নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। সঠিক বিচার না হওয়ায় এমন নির্যাতনের ঘটনা বাড়ছে বলেও মনে করছেন তারা। হামলাকারীরা সবাই জমির দালাল চক্রের সদস্য। বাড়িটি দখলের জন্য এর আগে তারা ওই বাড়ির স্যুয়ারেজ ও পানির লাইন বন্ধ করে দিয়েছিলো বলেও জানান স্থানীয়রা। রাজধানীর দক্ষিণখানে এক বৃদ্ধা ও এক নারীকে পিটিয়েছে জমির দালালরা।























































