নিজস্ব প্রতিবেদক :
কলাবাগানে জোড়া খুনের মতো বিভিন্ন হত্যাকান্ডের জন্য জামায়াত-বিএনপিকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ এপ্রিল সন্ধ্যায় গণভবনে যে বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান। মঙ্গলবার ২৬ এপ্রিল এক বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগের প্রতিবাদ জানিয়ে আমি স্পষ্টভাষায় জানাতে চাই যে, কলাবাগানের জোড়া খুনসহ দেশে সংঘটিত কোন হত্যাকান্ডের সাথেই জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী জামায়াতের বিরুদ্ধে নির্জলা অসত্য অভিযোগ উত্থাপন করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। তাই দেশকে অস্থিতিশীল করার জন্য জামায়াতের পরিকল্পিতভাবে গুপ্ত হত্যা চালানোর প্রশ্নই আসে না। গুপ্ত হত্যা চালানো কিংবা মানুষ পুড়িয়ে হত্যা করার সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই।
প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে সব অভিযোগ উত্থাপন করেছেন সেগুলো তার মনগড়া। দেশবাসী সকলেই জানেন যে, দেশে কোন অঘটন ঘটলেই তার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করে ষড়যন্ত্রমূলকভাবে অসত্য বক্তব্য দিয়ে সরকারের মন্ত্রীরা পানি ঘোলা করে থাকেন।
ইতোপূর্বেও আওয়ামী লীগের নেতারা জামায়াতের বিরুদ্ধে এ ধরনের কাল্পনিক অভিযোগ উত্থাপন করে পানি ঘোলা করার অপচেষ্টা চালিয়েছেন। কিন্তু তাদের কোন বক্তব্যের এখন পর্যন্ত তারা সত্যতা প্রমান করতে পারেননি। তাদের এ বক্তব্যও অসত্য প্রমানিত হবে ইনশাআল্লাহ।
কোন ঘটনা সংঘটিত হলেই সুষ্ঠু তদন্তের পূর্বেই সে জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিলে তাতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পথ রুদ্ধ হয়ে যায়। ফলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। এতে সন্ত্রাসীরা উৎসাহের সাথে আরো সন্ত্রাস চালাতে থাকে। কাজেই রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে অসত্য বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।























































