পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় বাহার মিয়া (৪৮) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে পৌরশহরের পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বাহার জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের নাসির মিয়ার ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে মামুন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মামুন বীরগাঁও গ্রামের শাফি মিয়ার ছেলে। ডিআইও-১ মো. আবদুল কাউয়ুম যুগান্তরকে বলেন, পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে মামুন রাতে বাহারকে শহরের পীরবাড়ি এলাকার মিন্দালিপাড়ায় ডেকে এনে ধারাল ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে। পরে মামুন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে।
সদর মডেলর ওসি মঈনুর রহমান জানান, খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মামুনকে আটক এবং বাহারের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


























































