আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা থেকে আমরণ অনশনে যাচ্ছে আন্দোলনরত বেকার নার্সরা। সকালে কাফন মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে নার্স নেতারা এ ঘোষণা দেন।
বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস বলেছেন, সন্ধ্যা থেকে আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে আমরণ অনশন শুরু করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।
বাংলাদেশ বেকার ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার বলেন, ‘২৫ দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছি। এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সাড়া দেননি।’
সকালে কাফনের কাপড় পরে মিছিল করার আগে বেকার নার্সদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরিন আখতার। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় সিদ্ধান্ত, রাষ্ট্রীয় মারপ্যাঁচে পড়ে অধিকার আদায়ে দীর্ঘ আন্দোলন করতে হয়। আপনাদের যৌক্তিক এবং ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আমি একাত্মতা প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘আপনাদের আন্দোলন বৃথা যাবে না। ২৫ দিন যাবৎ আপনার প্রেসক্লাবের মতো জায়গায় আন্দোলন করে যাচ্ছেন, শেখ হাসিনার সরকার চুপ করে থাকতে পারে না। আমি আপনাদের বিষয়টি সংসদে উপস্থাপন করব। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।’
উল্লেখ্য, পরীক্ষার মাধ্যমে নার্স নিয়োগের জন্য ২৮ মার্চ বিজ্ঞপ্তি দেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর প্রতিবাদে ও বিজ্ঞপ্তি বাতিল করে আগের মতো ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত ৪ এপ্রিল থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন এই বেকার নার্সরা। সেই থেকে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করলেও সরকারের পক্ষ থেকে কোন সাড়া পাননি তারা।























































