চট্টগ্রামের নৌ-বন্দর ও অর্থনৈতিক অঞ্চলে সেবা দিতে আগ্রহী, চীনভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান, গোয়ানডঙ লজিস্টিক এসোসিয়েশন। বাংলাদেশের সাথে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। চীনে সফররত বাংলাদেশের অথনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রতিনিধি দলকে এ প্রস্তাব দেয়া হয়।
আধুনিক চীনের অর্থনৈতিক বসন্তের সূচনা এই গোয়ানডঙ প্রদেশে। দেশটির অনেক গুরুত্বপূর্ণ কল-কারখানাও এখানে। চীনের মোট প্রবৃদ্ধির ২৬ শতাংশের বেশি আসে গোয়ানডঙ প্রদেশ থেকে। ফলে শুধু পণ্য উৎপাদন নয়, বিপণন, আমদানি-রপ্তানি ও গবেষণার জন্য এখানে রয়েছে স্থানীয় ও বহুজাতিক লজিস্টিক সার্ভিস প্রতিষ্ঠান। যেখানে পরিচিত নাম গোয়ানডঙ লজিস্টিক এসোসিয়েশন।
হংকং, মেকাও, দক্ষিণ চীন সাগর হয়ে মালাক্কা প্রণালী পাড়ি দিয়ে, শ্রীলঙ্কার হাম্বানটোটা পর্যন্ত একবিংশ শতাব্দির মেরিটাইম সিল্ক রুট স্থাপনের কাজ শুরু করেছে, গোয়ানডঙ লজিস্টিক এসোসিয়েশন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে বৈঠকে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট বললেন, তাদের এই মেরিটাইম সিল্ক রুটযাত্রায় চট্টগ্রাম হতে পারে কেন্দ্রবিন্দু।
তিন জানান, এরইমধ্যে শ্রীলংকার হাম্বানটোটা ও পাকিস্তানের গাদওয়ারের জন্য গভীর সমুদ্র বন্দরের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ফলে এ দুটি দেশের কাছাকাছি কোনো সার্ভিস সেন্টার কাজে লাগানো গেলে, পুরো কাজ যেমন গতি পাবে, তেমনি লাভবান হতে পারে বাংলাদেশও। গোয়ানডঙ লজিস্টিক এসোসিয়েশনের এমন প্রস্তাবকে ইতিবাচক বলছেন বেজার নির্বাহী চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা প্রশাসক।
গোয়ানডঙ লজিস্টিকি এসোসিয়েশনের প্রস্তাবের ওপর ভিত্তি করে দ্রুতই একটি সমোঝতা স্মারক সইয়ের আশ্বাস দিয়েছে উভয় পক্ষই।


























































