সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


হত্যা না আত্মহত্যা, এখনও উত্তর মেলেনি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৬

ctg-BG-(1.)20160420125757201604211407282016042620452520160430110428

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় গৃহকর্তা অসীম শীলকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।  তবে ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, ঘটনার সঙ্গে অসীমের সম্পৃক্ততা কতটুকু, এ বিষয়ে এখনও পুলিশ নিশ্চিত কোন তথ্য পায়নি।

জিজ্ঞাসাবাদে অসীম শীলও এ বিষয়ে নিশ্চিত করে কোন তথ্য এখনও দেয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান  বলেন, বিভিন্ন বিষয় আমলে নিয়ে আমরা তদন্ত করছি।  পারিবারিক অশান্তি, প্রতিবেশিদের সঙ্গে সম্পর্ক, স্বামী কিংবা স্ত্রীর অভ্যন্তরীণ কোন সম্পর্ক নানা বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রেখেছি।  তবে এখনও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাইনি।  এজন্য আমরা এখনও ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত হতে পারিনি।

গত ২৬ এপ্রিল অসীম শীলকে পাঁচদিন এবং তার মামা সুকুমার শীলকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত।  বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অসীম ও তার মামাকে নিজেদের হেফাজতে নেয় বোয়ালখালী থানা পুলিশ।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তারের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য একটি টিম গঠন করা হয়েছে।  বোয়ালখালী থানার ওসি মো.সালাহউদ্দিন চৌধুরীর নেতৃত্বে টিমের মধ্যে পরিদর্শক (তদন্ত) এবং তদন্তকারী কর্মকর্তা এস আই মোস্তাক আহমেদও আছেন।  আর জিজ্ঞাসাবাদ মনিটরিং করার দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান এবং পটিয়া সার্কেলের এএসপি শামীম আহমেদকে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমদিনের জিজ্ঞাসাবাদে অসীম শীল তার স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝগড়া এবং জেদি মনোভাবের বিষয়টি তুলে ধরেছেন।  বিয়ের পর থেকে সংসারে অশান্তির কথাও তুলে ধরেছেন অসীম।  পুলিশ অসীমের সঙ্গে স্থানীয় কিংবা কর্মক্ষেত্রে কোন নারীর সঙ্গে গোপন কোন সম্পর্ক ছিল কিনা, বন্ধুবান্ধবের দ্বারা অসীম প্ররোচিত হয়েছিল কিনা বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।  তবে জিজ্ঞাসাবাদে এসব বিষয়ে তেমন তথ্য পাওয়া যায়নি।

সূত্রমতে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া না গেলেও প্রাথমিক তদন্তে পুলিশ অসীমের মেয়ে অন্তরা শীলের (৫) গলায় আঙ্গুলের ছাপ থাকার বিষয়ে নিশ্চিত হয়েছে।  এতে পুলিশের ধারণা মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।  তবে অসীমের স্ত্রী শেলী শীল (৩৫) কি নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে লাশ ঝুলানো হয়েছে এ বিষয়ে পরিস্কার কোন তথ্য এখনও পুলিশ উদঘাটন করতে পারেনি।

জিজ্ঞাসাবাদে অসীমও কিভাবে মৃত্যু হয়েছে মা-মেয়ের, সে বিষয়ে এখনও মুখ খুলেনি বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি মো.সালাহউদ্দিন চৌধুরী।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারব।  তবে এর মধ্যেও কিছু অগ্রগতি হয়েছে।  তদন্তের স্বার্থে সবকিছু এ মুহুর্তে বলা যাবেনা।

বৃহস্পতিবার ও শুক্রবার জিজ্ঞাসাবাদের পর শনিবার পটিয়া সার্কেলের এএসপি শামীম আহমেদের নেতৃত্বে একটি টিম অসীম শীলকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোস্তাক আহমেদ।

১৯ এপ্রিল দুপুরে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ কঞ্জুরী গ্রামের ভূপাল শীলের বাড়ির গৃহবধু শেলী শীলের লাশ ফাঁসিতে ঝুলানো অবস্থায় (৩৫) ও তাঁর কন্যা সন্তান অন্তরা শীলের (৫) লাশ বিছানায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।  পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় শেলীর মা মিনতি শীল বাদি হয়ে হত্যার অভিযোগে ৭জনকে আসামি করে মামলা দায়ের করেন।  ওইদিনই পুলিশ অসীমের মা সবিতা শীল ও মামা সুকুমার শীলকে গ্রেফতার করে।  ২১ এপ্রিল দুপুর দেড়টার দিকে চন্দনাইশের বরমা বইলতলী এলাকায় বোনের বাড়ি থেকে অসীম শীলকে গ্রেফতার করে পুলিশ।

২২ এপ্রিল তাকে আদালতে হাজির করে দশদিনের রিমাণ্ডের আবেদন জানায় বোয়ালখালী থানা পুলিশ।

অসীম শীল পটিয়া আদালতে এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন।  ঘটনার পরপরই গৃহকর্তা অসীম পালিয়ে যাওয়ায় ঘটনাটি রহস্যাবৃত হয়ে পড়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি