শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জয়ের তিন’শ মিলিয়ন ডলার আড়াল করতেই শফিক রেহমানকে গ্রেপ্তার


জয়ের তিন’শ মিলিয়ন ডলার আড়াল করতেই শফিক রেহমানকে গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৬

khaleda4-400x289

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের ৩’শ মিলিয়ন ডলার আড়াল করতেই ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শফিক রেহমানকে আটক করে নির্যাতনের অভিযোগও আনেন খালেদা।

শনিবার সন্ধ্যা জাতীয় কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশে গড়ে প্রতিদিন ১৪ জন খুন হচ্ছেন এমন মন্তব্য করে খালেদা জিয়া বলেন, আর এ ঘটনাকে সরকারের লোকজন বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে যাচ্ছেন।

অর্থপাচারের প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন আরো বলেন, মামলার নথিতেই আছে প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়ের একটি অ্যাকাউন্টে আড়াই হাজার কোটি টাকার সমপরিমাণ তিন’শ মিলিয়ন ডলার জমা আছে। এই টাকা ধামাচাপা দিতে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে।

খালেদা জিয়া বলেন, বিচারবহির্ভূতভাবে যাকে-তাকে খুন ও ঘুম করা হচ্ছে। যেখানে সেখানে মানুষের মরদেহ পাওয়া যাচ্ছে, এর মধ্যে অনেকের গুমের পর মরদেহও পাওয়া যাচ্ছে না। কেন দেশে এভাবে মানুষ খুন, গুম হচ্ছে।

তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে দেশের সম্মানিত নাগরিকদের অসম্মান করা হচ্ছে।

তিনি বলেন, ‘আজ বাংলাদেশে সুশাসন নেই। সুবিচার নেই। রাষ্ট্রীয় প্রথা ও প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। আইনের শাসন নেই। নেই কোনো মানুষের নিরাপত্তা। সরকার কাউকে কোথাও কোনো নিরাপত্তা দিতে পারছে না। তবুও দাবি করছে, পরিস্থিতি স্বাভাবিক। যা কিছু ঘটছে তা সব বিচ্ছিন্ন ঘটনা।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীগুলো স্বাভাবিকভাবে আইন অনুযায়ী তাদের কর্তব্য পালন করতে পারছে না। তাদেরকে রাখা হয়েছে শুধু গণবিচ্ছিন্ন ও অবৈধ সরকারকে জনগণের ক্ষোভ থেকে রক্ষা করার জন্য। তারা সাধারণ মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। বিচার বহির্ভূতভাবে যাকে খুশি তাকে হত্যা করছে। জোর করে ধরে নিয়ে গিয়ে গুম ও খুন করে ফেলছে। যেখানে সেখানে খুনের শিকারদের লাশ পাওয়া যাচ্ছে। অনেকের লাশের সন্ধানও মিলছে না। জুলুম, নির্যাতন, গ্রেপ্তার, হামলা, মামলা চলছে বিরোধী দলের নেতাকর্মীদের উপর। অনেকেই দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে সম্মানিত নাগরিকদেরকেও নির্যাতন করা হচ্ছে।’

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রসঙ্গ টেনে এনে খালেদা জিয়া বলেন, ‘দুর্নীতি ও লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হচ্ছে। শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা লুটে নেয়া হয়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে নিঃস্ব করে ফেলা হয়েছে। ব্যাংকগুলো থেকে লুটপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভের আটশো কোটি টাকা ডিজিটাল কারচুপির মাধ্যমে পাচার করা হয়েছে। দফায় দফায় অবিশ্বাস্য রকমের ব্যয় বাড়িয়ে উন্নয়ন প্রকল্পগুলো থেকে কোটি কোটি টাকা লুণ্ঠন করা হচ্ছে।’

২০ দলীয় জোটের শরিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সভাপতি খন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের নায়েবে আমির সৈয়দ মুজিবুর রহমান প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি