এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে ভারতকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতলো তহুরা, মার্জিয়া, মনিকা, আখি, অনুচিং মোগিনিরা।
তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে রোববার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফাইনালে হ্যাটট্রিক করেছেন তহুরা। একটি গোল করেছেন অনুচিং।
এর আগে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে এই ভারতের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ের পর গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) নেপালকে ৯-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের জার্সিধারীরা। নেপালের বিপক্ষে সে ম্যাচে হ্যাটট্রিক করেন অধিনায়ক মার্জিয়া ও অনুচিং মোগিনি।
টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে উঠে বাংলাদেশ। শনিবার (৩০ এপ্রিল) সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্স আপ দল তাজিকিস্তানের মুখোমুখি হয় লাল-সবুজের জার্সিধারীরা। ফাইনাল নিশ্চিতের ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দেয় টাইগ্রেসরা। আলমোসি একাডেমি স্টেডিয়ামে সেমি-ফাইনালের ম্যাচে হ্যাটট্রিক করেন তহুরা খাতুন ও মনিকা চাকমা। অনুচিং মোগিনি জোড়া গোল আর আখির এক গোলে বড় ব্যবধানে জেতে বাংলাদেশ।
গত বছর নেপালকে তাদের মাটিতে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশের কিশোরীরা।


























































