শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বেঁচে থাকার তাগিদে ও পরিবারের চাহিদা মেটাতে বাড়ছে শিশু শ্রম’


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৬

13090432_992509890804734_1484334183_n
ডেস্ক রিপোর্টঃ

‘আফা, ভাংতি দ্যান। এতো বড় নোটের ভাংতি পামু কই? ভাই, সিকনালে নামবেন না? এই সিকনাল, সিকনাল।’ কথাগুলো বলছিল নিউমার্কেট-ফার্মগেট রুটে চলাচলকারী একটি লেগুনার হেলপার রানা। রানার বয়স ৮ অথবা ৯ বছর হবে। অভাবের তাড়নায় এই বয়সেই ছেলেটিকে নামতে হয়েছে জীবিকার সন্ধানে। বেঁচে থাকার তাগিদে ও পরিবারের চাহিদা মেটাতে ছোট্ট এই শিশুটি নিজেকে জড়িয়ে ফেলেছে ঝুঁকিপূর্ণ এই পেশায়। এ চিত্র রানার একার নয়। সারা দেশেই ছড়িয়ে আছে এমন হাজারো রানা। যারা দুবেলা দুমুঠো খাবারের প্রয়োজনে প্রতিনিয়ত করে যাচ্ছে ঝুঁকিপূর্ণ নানা কাজ। আর প্রতিদিনই বাড়ছে এমন শিশুর সংখ্যা, বাড়ছে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু শ্রমিকের সংখ্যা।

প্রায় ১৫ লাখ শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। ঝুঁকিপূর্ণ কাজগুলো করতে গিয়ে তারা অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছে। আক্রান্ত হচ্ছে নানা রোগব্যাধিতেও। ব্যাহত হচ্ছে তাদের মানসিক বিকাশও। আইএলও কনভেনশন অনুযায়ী ৪৭টি কাজকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- যৌনকর্ম, চোরাচালানী, রাসায়নিক কারখানায় শিশুশ্রম, গ্লাস ফ্যাক্টরি, লবণ কারখানা, ওয়েল্ডিংয়ের কাজ ইত্যাদি। সরেজমিনে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ইট-পাথর ভাঙার কাজ, লোহা ঝালাইয়ের কাজ, গাড়ির গ্যারেজে ছাড়াও বাস বা লেগুনার সহকারী হিসেবে কাজ করছে বহু শিশু। এছাড়া বিভিন্ন বাসা-বাড়িতে গৃহপরিচারিকার কাজও করতে হয় অনেক শিশুকে।

গত পাঁচ বছরে দেশে শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে ১০ লাখ। শ্রম মন্ত্রণালয়ের ২০১১ সালের একটি জরিপে দেখা গেছে, দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে শিশু শ্রমিকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। মোট শিশু শ্রমিকের সংখ্যা এখন প্রায় ৭৯ লাখ। সরকারি হিসেবে, শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে শিশুশ্রমের প্রবণতা অনেক বেশি। শিশু শ্রমিকদের মধ্যে ১৫ লাখ শহরে এবং ৬৪ লাখ গ্রামে কাজ করছে। এদের মধ্যে আবার ৭৩.৫০ শতাংশ ছেলে এবং ২৬.৫০ শতাংশ মেয়ে শিশু। এর মধ্যে প্রায় ৪৫ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে জড়িত। ঝুঁকিপূর্ণ শ্রমে প্রায় ১৩ লাখ শিশু সপ্তাহে প্রায় ৯০ ঘণ্টা কাজ করছে।

এই শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হলে আগামী দিনের সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় অগ্রণী ভূমিকা রাখতে পারবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি