স্পোর্টস ডেস্ক:
মাত্র ২২ বছর বয়সেই ব্রাজিল জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান নেইমার দ্য সিলভা। দলের প্রাণভোমরাও তিনি। কিন্তু দলে তাকে এতটাই গুরুত্ব দেয়া হচ্ছে, যা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে! ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার জিকো মনে করছেন এমনটাই। জানালেন, বার্সেলোনার নেইমারকে অপব্যবহার করছে ব্রাজিল। জাতীয় দলে নেইমারের পজিশনকে পরিবর্তন করায় আশানুরূপ ফল পাচ্ছে না সেলেকাওরা।
জিকো
তবে বার্সায় ঠিক পজিশনে খেলছেন নেইমার। যা নজরে পড়েছে জিকোর। বলেন, ‘লক্ষ্য করলে দেখবেন, গত ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ব্রাজিল। ওই ম্যাচে সেন্ট্রাল পজিশনে খেলেছে নেইমার। প্রতিপক্ষের তিন জন খেলোয়াড়কে মোকাবিলা করতে হয়েছে তাকে। কিন্তু আমি মনে করি, বার্সা তাকে যে পজিশনে খেলায় ব্রাজিলকে সে পথেই হাঁটা উচিত। বাঁ-প্রান্তে নেইমার অপ্রতিরোধ্য। এই পজিশনেই বল কাটাতে পছন্দ করে সে।’
কোপা আমেরিকায় খেলতে পারছেন না নেইমার। ওই সময় তার অধিনায়কত্ব মিস করবে ব্রাজিল। এমনটাই জানালেন জিকো, ‘আমি বিশ্বাস করি, কোপায় নেইমারকে মিস করবে তার দল। এটা ভালোভাবেই জানে কোচ কার্লোস দুঙ্গা। তাই সেভাবেই তাকে দল সাজাতে হবে।’

























































