সীমানা জটিলতায় আটকে আছে হাতিয়ার ১০ টি স্কুলের পাঠদান। এতে হুমকিতে পড়েছে আড়াই হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন। স্কুল খুলতে গেলে শিক্ষকদেরও দেয়া হচ্ছে প্রাণ নাশের হুমকি। তাই হাতিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন শিক্ষকরা। তবে সমস্যা সমাধানে কোন কার্যকর উদ্যেগই নেয়নি স্থানীয় প্রশাসন।
সীমানা জটিলতার খেসারত দিতে হচ্ছে ১০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। ২ সপ্তাহেরও বেশি সময় ধরে স্কুলে ঝুলছে তালা। সন্ত্রাসীদের জবরদখলে শিক্ষার্থীদের দেয়া হয়নি প্রথম সাময়িক পরীক্ষাও।
নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর এলাকা। দীর্ঘদিন ধরেই এলাকাটিকে নিজেদের দাবি করছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের মানুষ। দখলে নিতে তাই রামগতির একদলৃ সন্ত্রাসী বন্ধ করে দিয়েছে হাতিয়ার ১০ টি স্কুল।
একজন শিক্ষক বলেন, ‘২১ তারিখে প্রথম সাময়িক পরীক্ষা চলার কথা কিন্তু অদ্যবদী পর্যন্ত স্কুলের মুলফটকে তালা। প্রশাসনের কোন কর্মকর্তা-কর্মচারীর এই বিষয় নিয়ে আশু তৎপরতা দেখিনি। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ছে’।
স্কুলগুলো চালুর দাবিতে কয়েকদফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে হাতিয়ায়। সমস্যা সমাধানের উৎযোগ না নেয়ায় উদ্বিগ্ন এবং প্রশাসনের ওপর ক্ষুদ্ধ অভিভাবকরা।
অভিভাবকরা বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা যদি সমাপনী পরীক্ষা না দিতে পারে তাহলে তাদের ক্ষতি হয়ে যাবে। আমরা যদি শিক্ষকদের প্রশ্ন করি তাহলে তারা কোন সারা দেয় না, কবে স্কুল খুলবে সেটাও বলে না’।
নোয়াখালীর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন সিদ্দিকী বলেন, ‘এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং প্রশাসন থেকে দুই পক্ষের মধ্যে কিভাবে আপোষ-মীমাংসা করে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া আবার শুরু করা যায় সে বিষয়ে সর্বাত্বক প্রচেষ্টা চালানো হচ্ছে’।
শিক্ষক ও অভিভাবকরা বলছেন সময়মত পরীক্ষা না দেয়ায় শিক্ষাকার্যক্রম থেকে একধাপ পিছিয়ে গেল বন্ধ থাকা স্কুলের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী।


























































