শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার খালেদা জিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৬

4A515FBE-EE88-45D3-8065-2F471D73B584_cx0_cy13_cw0_mw1024_s_n_r17

বিশেষ রিপোর্ট ঃ

বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে এবার উঠে পড়ে লেগেছে সরকার। জামায়াতের টেনশন অনেকটা কেটে গেছে। এবার বিএনপিতে মাইনাস প্রক্রিয়া শুরু হবে দ্রুত। এরই অংশ হিসাবে সরকার খালেদা জিয়ার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। আইনি প্রক্রিয়ায় যে কোন মূল্যে খালেদা জিয়ার অন্তত একটি মামলায় শাস্তি নিশ্চিত করতে পারলেই সরকার নিশ্চিত। এবার রাজনৈতিকভাবে এটা একটা চ্যালেঞ্জ মনে করছে সরকার। এই জন্য সরকার অন্তত একটি মামলায় খালেদার শাস্তি নিশ্চিত করার জন্য সব উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে একটি মামলায় শাস্তি নিশ্চিত হবে এমন নথি প্রমাণও তৈরি করা হয়েছে এমন দাবি সরকারের একজন মন্ত্রীর। তিনি বলেছেন, খালেদা জিয়ার শাস্তি হবে, আমরা রাষ্ট্রপক্ষ নিশ্চিত হয়েছি। সেই রকম সব কিছুই আমরা খতিয়েও দেখেছি। তিনি সময় নষ্ট করছেন। কিন্তু তার সেই পরিকল্পনা সফল হবে না।

এদিকে বিএনপির অভিযোগ খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে হয়রানি করছে। তার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে সব রাজনৈতিক মামলা। এই সব মামলা মিথ্যে। এরপরও তারা দিনের পর দিন চালিয়ে নিচ্ছে। আমরা যতই আইনিভাবে মোকাবিলা করার চেষ্টা করছি। কিন্তু সেটা সরকার পক্ষ পাশ কাটিয়ে যাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এইভাবে মামলা করে বিএনপিকে সরকার দমন করতে পারবে না। সরকারের যে সব মামলায় অভিযোগ প্রমাণ করতে চাইছে এগুলো একদিন না একদিন আইনের বিচারেই মিথ্যে প্রমাণিত হবে। আমরা সেই আশায় আছি। তবে সরকার যেভাবে মামলাগুলো করছে এতে করে আমরা হতাশ। সরকার ক্ষমতায় থাকার জন্য নানা পরিকল্পনা করছে সেই সব পরিকল্পনা সফল হবে না। তবে আমাদের যে হয়রানি হচ্ছে এটাতো ঠিক না।

খালেদা জিয়ার একটি দুর্নীতির মামলায় শাস্তি দেয়া সম্ভব হবে এমন কথা জানিয়ে সরকারের একটি বিশেষ সূত্র বলেছে তিনি (খালেদা জিয়া) যে নাশকতার ঘটনায় ইন্ধন দিয়েছেন সেটাও আমরা জেনেছি। সবাই জানে। তাছাড়া তিনি যে অপরাধ করেছেন সেটা নিশ্চিত। তার শাস্তি হতেই হবে।

বিএনপি বলছে, এই সব ঘটনা সরকার ও তাদের লোকেরাই ঘটিয়েছে। আর বিএনপিকে চাপে রাখার জন্য আমাদের উপর দায় চাপাচ্ছে।

সরকার দুদকের মামলা ছাড়াও বুধবার রাজধানীর দারুস সালাম থানার দুটি নাশকতার মামলায় বেগম খালেদা জিয়াসহ ৫১ আসামির বিরুদ্ধে দুটি চার্জশিট দাখিল করেছে পুলিশ। বুধবার ঢাকা সিএমএম আদালতে এই চার্জশিট দাখিল করা হয়। মামলা দুটিতে দারুস সালাম থানার ৪(৩)১৫ দন্ডবিধির মামলায় খালেদা জিয়াসহ ২৭ জন আসামি এবং ৮ (২)১৫ বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াসহ ২৪ জনকে আসামি করা হয়। দু’টি চার্জশিট জমা দিয়েছে। এরমধ্যে ওই থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুর রহমান ও আব্দুল রাজ্জাক পৃথক দু’টি চার্জশিট জমা দেন। খালেদা জিয়াসহ ছাড়াও চার্জশিটের অন্য আসামিরা হলেন-বিএনপি নেতা আমানুল্লাহ আমান, মীর সরাফাত আলী , হাবিব-উন নবী খান সোহেল ও আশিফা আশরাফি, মারুফ কামাল প্রমুখ।

সূত্র জানায়, দারুস সালাম থানার নাশকতার মামলায় খালেদা জিয়াসহ ২৭ জনের ব্যাপারে দুই অভিযোগপত্রেই খালেদাকে হুকুমের আসামি করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে। শহীদুর রহমান ফৌজদারি দন্ডবিধির এক মামলায় এবং এস আই আব্দুর রাজ্জাক বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন। পুুলিশের প্রসিকিউশন বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে জানিয়েছেন, একটি মামলায় আসামি করা হয়েছে ২৪ জনকে, অন্য মামলায় আসামির সংখ্যা ২৭। এক মামলার ২৪ আসামির সবাইকে দ্বিতীয় মামলাতেও আসামি করা হয়েছে।

সূত্র জানায়, নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে গতবছরের শুরুতে টানা তিন মাসের অবরোধ হরতালের মধ্যে ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই দুটি মামলা করে পুলিশ। ২০১৫ সালের ৩ মার্চ গাবতলী বাসস্ট্যান্ডের কাছে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় একটি মামলা হয়। অন্যটি দায়ের করা হয় গত বছরের ৪ ফেব্রুয়ারি মিরপুর শাহআলী মাজারের পাশে কাঁচাবাজারে হাতবেমা বিস্ফোরণ ও আগুন লাগানোর অভিযোগে। এর আগে তার বিরুদ্ধে কুমিল্লা ও যাত্রাবাড়ি থানার নাশকতার মামলা চলছে। নাশকতার ঘটনা ছাড়াও দুর্নীতির মামলাগুলো দ্রুত এগিয়ে চলছে।

এদিকে খালেদা জিয়ার হাইকোর্টে রিট আবেদনের কারণে ড্যান্ডি ডাইং কোম্পানির ঋণখেলাপীর মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১৯ জুন ধার্য করেছে আদালত। বুধবার মামলাটিতে বাদীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। বাদীও সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। বলেন, ইস্যুগণের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা দাখিল করা হয়েছে, যা বিচারাধীন, তাই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখা প্রয়োজন। এদিকে প্রথম অর্থঋণ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমত জাহান সময় আবেদন মঞ্জুর করে আগামী ১৯ জুন পরবর্তী দিন ধার্য করেন। ৩ এপ্রিল বাদী সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম মামলাটিতে সাক্ষ্য দেন। গত ২ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ বিবাদীদের বিরুদ্ধে ইস্যুগঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন। মামলাটিতে ২০১৫ সালের ১৫ জুলাই খালেদা জিয়ার পক্ষে আদালতে জবাব দাখিল করা হয়।

ড্যান্ডি ডাইং কোম্পানির ৪৫ কোটি টাকা খেলাপী ঋণের ওই মামলায় এর আগে মামলাটিতে বিবাদী হিসেবে থাকা আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ২০১৫ সালের ১৬ মার্চ একই আদালত খালেদা জিয়া ও কোকোর স্ত্রী সন্তানদের বিবাদী হিসেবে পক্ষভুক্ত করা হয়। ওই মামলায় ৪৫ কোটি টাকা ঋণ খেলাপী হিসাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামও রয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য আরো রয়েছেন, আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়ে, সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী বেগম নাসরিন আহমেদ, গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, মিসেস শামসুন নাহার ও মাসুদ হাসান। উল্লেখ, ২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপীর অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে ১৯ মে নতুন তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে মামলার অন্যতম আসামি তারেক রহমানের পক্ষে বাদী হারুন অর রশিদকে তৃতীয় দিনে জেরার জন্য দিন ধার্য ছিল। কিন্তু তার পক্ষের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম অনুপস্থিত থাকায় জেরার কার্যক্রম পেছানোর জন্য সময়ের আবেদন করেন অপর আইনজীবী সানাউল্লাহ মিয়া। বৃহস্পতিবার আবেদন মঞ্জুর করে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য ১৯ মে নতুন তারিখ নির্ধারণ করেন। এর গত ২৮ এপ্রিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বাদী হারুন অর রশিদের জেরা শেষ হয়।

উল্লেখ, জিয়া অরফানেজ ট্রাস্টের অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ ২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলাটির অভিযোগপত্র দেন। মামলার অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের সাবেক বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন। এর পরই মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি