ডেস্ক রিপোর্ট : বিএনপির যুগ্মমহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির যে বৈঠক হয়েছে, সেখানে শিপন কুমার বসু ছাড়াও আরও দুই বাংলাদেশি ছিলেন বা ওই বৈঠকে একটি ইসলামি দলের একজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। গণমাধ্যমে আসা এ তথ্য সত্য নয় বলে দাবি করেছেন হিন্দু স্ট্রাগল কমিটির বাংলাদেশ প্রধান ও গণমাধ্যমে মোসাদের এজেন্ট হিসেবে নাম আসা বসু। গতকাল এই প্রতিবেদকের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোপূর্বে গণমাধ্যমে নাম আসা রওশন জাহিদ প্রিন্সও ইসলামি দল বলে ইঙ্গিত করা কোনো দলের নন। প্রিন্স মংলা আওয়ামী লীগের স্থানীয় নেতা খালেদ তালুকদারের লোক। এর প্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, আমার সঙ্গে যারা আছেন তারা রাজনৈতিক বিভিন্ন দলের। তবে দলীয় বিবেচনায় নয়, হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ও সেই বিবেচনায় তারা আমার সঙ্গে আছেন।Ñদাবি করেন বসু।
ভারতে তার ও আসলামের সঙ্গে সাফাদির দেখা হয়েছে তিনবার। এগুলো হয়েছে কলকাতা, আগ্রা ও দিল্লিতে। তবে বসু দাবি করেন, সাফাদির সঙ্গে তাদের দেখা-সাক্ষাতের বিষয়গুলোও হয়েছে খোলামেলা সেমিনারে বা প্রেস কনফারেন্সে। গোপন কোথাও নয়।
গণমাধ্যমে তাদের গলায় ফুলের মালা দেওয়ার ছবি প্রশ্নে বসু বলেন, মেয়রের প্রোগ্রামে আমরা যারা গিয়েছি, তাদের সবাইকেই ফুলের মালা দেওয়া হয়েছিল।


























































