স্পোর্টস ডেস্ক ঃ
কার্লোস তেভেজ আর্জেন্টিনা দলে থাকবেন না, সেটি যেন এখন ‘নিয়তি’ হয়ে দাঁড়িয়েছে। ২০১৪ বিশ্বকাপের দলে জায়গা হয়নি, এরপর গত বছরের কোপায় সুযোগ পেলেও খুব বেশি সময় খেলার সুযোগ হয়নি সাবেক জুভেন্টাস ফরোয়ার্ডের। জুভেন্টাস ছেড়ে নিজ দেশে চলে গেছেন, এখন খেলছেন বোকা জুনিয়র্সে। কিন্তু ভাগ্যের বদল হলো না ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের। আরও একবার আর্জেন্টিনা দলে জায়গা হলো না তেভেজের।
আর্জেন্টাইন সময় গতকাল বিকেলে (বাংলাদেশ সময় রাত দুইটায়) শতবর্ষপূর্তি বিশেষ কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জেরার্ডো মার্টিনো। তেভেজের না থাকার পাশাপাশি সেখানে আরও বড় চমক হয়ে এসেছে পাউলো দিবালার না থাকাও।
এই মৌসুমের শুরুতে তেভেজের জায়গায় দিবালাকে দলে নিয়েছিল জুভেন্টাস। শুরুর দিকে একটু সময় নিলেও, এই মৌসুমে তেভেজের অভাবটা ভালোভাবেই পূরণ করেছেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড! মৌসুমের শুরুর দিকে কিছুটা দিশেহারা জুভেন্টাসও যে শেষদিকে টানা ২৬ ম্যাচে অপরাজিত থেকে সম্ভাব্য ৭৮ পয়েন্টের ৭৬-ই নিজেদের করে নিল, তার একটা বড় কারণ এই দিবালার ফর্ম। বড় ক্লাবে এসে প্রথম মৌসুমেই ৪৫ ম্যাচে ২৩ গোল করেছেন, জুভেন্টাসকে জিতিয়েছেন সিরি আ, আজ খেলবেন আরেকটি ফাইনালে। অথচ এই দিবালাকেই কিনা দলে রাখলেন না মার্টিনো!
তেভেজ-দিবালার বদলে আর্জেন্টাইন কোচ দলে জায়গা দিয়েছেন চীনের লিগে খেলা এজেকিয়েল লাভেজ্জিকে!
এটা যদি চমক হয়, তাহলে গোলকিপারের তালিকায়ও একটু চমকের বাকি আছে। গত দুটি মৌসুম রিয়াল সোসিয়েদাদের হয়ে দুর্দান্ত খেলতে থাকা জেরোনিমো রুয়িকে দলে রাখেননি মার্টিনো, ভরসা রেখেছেন পুরোনো ‘যোদ্ধা’ সার্জিও রোমেরো, নাহুয়েল গুজমান ও মারিয়ানো আন্দুজারের ওপর।
আগামী ৩ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের আর্জেন্টাইন দলে এর বাইরে আছেন মেসি-আগুয়েরো-হিগুয়েইনদের মতো পরিচিত মুখগুলোর প্রায় সবাই। সূত্র: ইএসপিএন।
কোপা আমেরিকার আর্জেন্টিনার চূড়ান্ত দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুজমান (তিগ্রে), মারিয়ানো আন্দুজার (এস্তুদিয়ান্তেস)
ডিফেন্ডার: ফাকুন্দো রনকাগলিয়া (ফিওরেন্টিনা), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস ওটামেন্দি (ম্যানচেস্টার সিটি), রামিরো ফুনেস মোরি (এভারটন), গ্যাব্রিয়েল মারকাদো (রিভার), জোনাথন মেইদানা (রিভার), ভিক্টর কেস্তা (ইনদিপেন্দিয়েন্তি)
মিডফিল্ডার: হাভিয়ের মাচেরানো (বার্সেলোনা), অগুস্তো ফার্নান্দেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), মাতিয়াস ক্রানেভিতার (অ্যাটলেটিকো মাদ্রিদ), এভার বানেগা (সেভিয়া), লুকাস বিলিয়া (লাজিও), এরিক লামেলা (টটেনহাম), হাভিয়ের পাস্তোরে (প্যারিস সেন্ট জার্মেই)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), গঞ্জালো হিগুয়েইন (নাপোলি), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), অ্যাঙ্গেল ডি মারিয়া (প্যারিস সেন্ট জার্মেই), নিকোলাস গাইতান (বেনফিকা), এজেকিয়েল লাভেজ্জি (হেবেই ফরচুনে)।


























































