শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানা জারি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০১৬

Mir-kashem-ali-550x303

ডেস্ক রিপোর্টঃ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আইন অনুসারে বিচারিক আদালত ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা পাঠাবেন ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে। এ পরোয়ানার ভিত্তিতে দেশের শীর্ষ এই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরে পরবর্তী প্রক্রিয়া শুরু করবে কারা কর্তৃপক্ষ।

সোমবার রাত সাতটার দিকে এ পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হক এবং বিচারিক প্যানেলের দুই সদস্য বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

এর আগে দুপুর সাড়ে তিনটার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে ট্রাইব্যুনালে পৌঁছে মীর কাসেম আলীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায়। রায়ের অনুলিপিসহ অন্য কাগজপত্র পাঠান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। সেগুলো নিয়ে ট্রাইব্যুনালে পৌঁছান ডেপুটি রেজিস্ট্রার মেহেদি হাসানের নেতৃত্বে পাঁচজনের একটি টিম।

গোছানো ও আনুষঙ্গিক কাজ শেষে সেগুলো গ্রহণ করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শহীদুল আলম ঝিনুক। রেজিস্ট্রার জানান, রায়টি হস্তান্তরের পর এর ভিত্তিতে মৃত্যু পরোয়ানা জারি করে তাতে স্বাক্ষর করেছেন ট্রাইব্যুনালের তিন বিচারপতি।

রাতেই কারাগারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে বলেও জানান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি