স্পোর্টস ডেস্কঃ
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর কাতারেই নেইমারকে দেখে থাকেন অনেকে। গত বছর ব্যালন ডি’অর পুরস্কার জয়ের ক্ষেত্রে তার প্রমাণ মিলেছিল। বর্ষসেরা ফুটবলারের খেতাব জেতার প্রতিযোগিতায় লড়াইটা হয়েছিল এই তিন তারকার মধ্যেই।
তবে মেসি-রোনালদোর কাতারে নেইমারকে দেখছেন না পেলে। ব্রাজিল কিংবদন্তী জানালেন, মেসি-রোনালদোর গুণ নেইমারের মধ্যে নেই। মেসিকেই বর্তমান সময়ের সেরা ফুটবলার মনে করেন ৭৫ বছর বয়সী সাবেক এই ফুটবলার।
নেইমারের সমালোচনায় পেলে বলেন, ‘আমি নেইমারকে চিনি, যখন সে খুব ছোট ছিল। অনেক বছর আগে তার কোচ আমাকে বলেছিল যে সে ভালো খেলে। এটা ঠিক আছে। কিন্তু লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর গুণ নেইমারের মধ্যে নেই।’
রিয়াল মাদ্রিদ সুপারস্টার রোনালদোর চেয়ে বার্সেলোনা সুপারস্টার মেসিকে এগিয়ে রেখে পেলে বলেন, ‘যদি আমাকে বলা হয় যে একজন সেরা খেলোয়াড়কে বেছে নিন, আমি লিওনেলের (মেসি) কথাই বলব। যদিও পতুর্গিজের (রোনালদো) খেলায় বৈচিত্র্য আছে। কিন্তু মেসিই সেরা। এটা আমার ব্যক্তিগত মত।’

























































