ডেস্ক রিপোর্টঃ
ইউরোপিয়ান পার্লামেন্টের ২০ জন সদস্য বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ও সাম্প্রতিক নির্মম হত্যাকাণ্ড নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় বিএনপিকে জামায়াতের সঙ্গ ত্যাগের আহবান জানান তারা। মঙ্গলবার রাতে ইউরোপিয়ান সংসদে বাংলাদেশের ওপর অনুষ্ঠিত এক আলোচনায় তারা এই আহ্বান জানান।
দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে এ ধরনের দাবি উঠলো। এর আগে ২০১৪ সালের নির্বাচনের পরে ইউরোপিয়ান পার্লামেন্ট প্রথমবারের মতো বিএনপিকে জামায়াতের সম্পর্ক ত্যাগ করার পরামর্শ দিয়েছিল।
বাংলাদেশের ওপর এক আলোচনায় ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা শিক্ষক, ব্লগার, পাবলিশার, লেখক ও ভিন্ন ধর্মাবলাম্বীদের ওপর আক্রমন ও তাদের হত্যার তীব্র নিন্দা করা জানান।
ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য চার্লস ট্যানক বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। ধর্মীয় সম্প্রীতি, মত প্রকাশের স্বাধীনতা, নারী অধিকার, শিক্ষা ও মূল্যবোধ বিষয়ে দেশটি অনেক এগিয়ে আছে।
সাংসদ জাঁ ল্যামবার্ট বলেন সহিংস উগ্রবাদ মোকাবিলা করার জন্য একটি শক্তিশালি সুশীল সমাজ, কার্যকর পুলিশ ও বিচার ব্যবস্থা প্রয়োজন।
এর আগে ‘বাংলাদেশের অবস্থা’ শীর্ষক এক আলোচনায় প্রারম্ভিক বক্তৃতায় ডাচ পররাষ্ট্রমন্ত্রী বার্ট কোয়েনডার্স এক বিবৃতিতে সরকার ও বিরোধী দলগুলোর প্রতি প্রকৃত সংলাপে বসার আহ্বান জানান। যেন দেশে স্থিতিশীলতা বজায় থাকে। গণতান্ত্রিক ও অর্থনৈতিক উন্নতি সাধিত হয়।























































