ডেস্ক রিপোর্ট ঃ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটি চূড়ান্ত করেছেন। এবার স্থায়ী কমিটির আকার বাড়েনি। আগে যা ছিলো তাই রয়েছে। নতুন স্থায়ী কমিটিতে থাকছেন ১৯ জন। এরমধ্যে পুরনোদের মধ্যে বাদ পড়েছেন পাঁচ-ছয়জন। আর নতুন মুখ যোগ হয়েছে ছয়-সাতজন। শেষ পর্যন্ত খালেদা জিয়া সিদ্ধান্ত পরিবর্তন না করলে এই কমিটিও ঘোষণা করবেন।
বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ট একজন উপদেষ্টা বলেন, বিএনপির চেয়ারপারসন নেতাদের মধ্যে যাদের যোগ্য মনে করেছেন তাদের স্থায়ী কমিটিতে ঠাঁই দিয়েছেন। এর আগে তিনি যাদেরকে মূল্যায়ন করতে পারেননি এমন কয়েকজনকেও স্থায়ী কমিটিতে এনেছেন। এরমধ্যে দুইজন সিনিয়র আইনজীবীও রয়েছেন। এছাড়াও যে তিনজন নেতা বাদ পড়েছেন বলে শোনা গেছে এরমধ্যে তিনজনের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে তারা দল ভাঙ্গার ষড়যন্ত্র করছেন। তাদের দুইজন সাবেক মন্ত্রী। একজনের সঙ্গে সরকারের প্রভাবশালী এক ব্যক্তির আতœীয়তা রয়েছে। আর একজন হলেন দীর্ঘদিন কারাভোগ করার পর সরকারের সঙ্গে সমঝোতা করেই বাইরে এসেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও আরো একজন রয়েছেন যিনি সংস্কারবাদী হিসাবে পরিচিতি লাভ করেছেন। দুইজন অসুস্থতার কারণে বাদ পড়েছেন।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড কারাদন্ড কার্যকর হওয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরীর পদটি শূন্য রয়েছে। সেখানে নতুন মুখ এসেছে।
তারেক রহমানের ঘনিষ্ট সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন চেষ্টা করেছেন যেসব নেতারা আগামী দিনে তার অনপুস্থিতিতেও আন্দোলন শুরু করতে পারবেন ও লক্ষ্য পূরণের আগ পর্যন্ত আন্দোলন ধরে রাখতে পারবেন। আগামীতে একটি নিদর্লীয় সরকারের অধিনে নির্বাচন করানোর জন্য সরকারের উপর চাপ তৈরি করতে পারবেন তাদেরকে রাখা হয়েছে। ২৯ ডিসেম্বর ২০১৩ সালে মার্চ ফর ডেমোক্রেসী যেসব নেতারা সফল করতে পারেননি ও মাঠে ছিলেন না ওই সব নেতাদের ব্যাপারে খালেদা জিয়া কঠোর অবস্থানে রয়েছেন।
ওয়ান ইলেভেনের সময় ও এর পরবর্তী সময়ে বিশেষ করে যেসব নেতারা ২০১৫ সালের আন্দোলনে মাঠে থেকে ও কেউ কেউ মাঠের বাইরে থেকে আন্দোলনের জন্য কাজ করেছেন এমন নেতারাই ঠাঁই পেয়েছেন।
স্থায়ী কমিটির নতুন কমিটিতে ঠাইঁ পেয়েছেন এমন এক নেতা বলেন, বিএনপির স্থায়ী কমিটিতে ১৯ জনের মধ্যে আমিও একজন আছি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদাধিকার বলেই স্থায়ী কমিটির সদস্য। এর বাইরে আরো রয়েছেন ১৭ জন। আগের কমিটির যারা অসুস্থ ও এই কারণে দায়িত্ব পালন করতে পারছেন না এই ধরনের নেতাদের বাদ দেওয়া হয়েছে। বসানো হয়েছে উপদেষ্টার পদে।
এবারের স্থায়ী কমিটিতে নতুনত্ব কি রয়েছে জানতে চাইলে বিএনপির সিনিয়র এক নেতা বলেন, নতুনত্ব আছে। যোগ্য, সৎ ও সাহসী নেতাদেরকে তিনি মূল্যায়ন করার চেষ্টা করেছেন। সেই হিসাবে কমিটি করেছেন। তবে গতবারও দেখা গেছে কমিটি ঘোষণা করার আগে তদবীরের কারণে কয়েকজন নেতার নাম পরিবর্তন হয়েছে। এবারও এমনটি হওয়ার আশঙ্কা রয়েছে। সেটা হলে এখন যে ১৯টি নাম আছে সেখানে কিছু নামে পরিবর্তন আসতে পারে।
সূত্র জানায়, চলতি মাসেই খালেদা জিয়ার ওমরাহ হজ পালন করার জন্য সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। তিনি সৌদি আরবে যাওয়ার আগেই এই কমিটি ঘোষণা করে যাবেন। সেই সঙ্গে তিনি বিবেচনায় রেখেছেন অন্যান্য কমিটির নেতাদের নামও ঘোষনা করার জন্য। সেই সব কমিটিও চুড়ান্ত করেছেন।
ওমরাহ হজে যাওয়ার আগে কমিটি ঘোষণা করার কারণ জানতে চাইলে ওই নেতা বলেন, এটা তিনি করবেন ইচ্ছে করেই। যাতে যে সব নেতারা অযোগ্যতা ও নিজেদের ভুলের জন্য বাদ পড়েছেন ওই সব নেতারা তার কাছে গিয়ে কোন তদবীর করতে না পারেন। এছাড়াও দলের ভেতরে কোন সমস্যা তৈরি করতে না পারেন। এছাড়াও রোজার কারণে ও ঈদের ছুটিতেও অনেক নেতাই ব্যস্ত থাকবেন। সেই জন্য রোজাতে ঘোষনা করা হলে দলীয় কোন্দলও তেমন একটা মাথা চাড়া দিতে পারবে না। এছাড়াও আরো কিছু বিষয় তিনি মাথায় রেখেছেন।























































