পুলিশ অফিসারের স্ত্রীসহ দেশে চলমান গুম-খুনের সঙ্গে ‘আওয়ামী লীগ’ ও তার ‘দোসররা’ জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, তাদের ধরে বিচারের আওতায় আনলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, ‘ক্ষমতায় আসার পর স্বঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫টি মামলা থেকে মুক্ত হয়েছেন। অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে নিয়ে টানাহেচড়া চলছে। আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা নাইকো মামলা চলতে হলে হাসিনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
বেগম জিয়া বলেন, ‘আমরা আগে বাকশালীতে পড়েছিলাম, আবার সেদিকে ধাবিত হচ্ছি। জনগণ বিশ্বাস করেনা বিচার ও বিচার বিভাগ স্বাধীন। দেশে এখন দুই ধরনের আইন আছে। একটি আইনে বিরোধী দলের বিচার দ্রুত করা হচ্ছে, অন্য আইনে সরকারি দলের লোকদের কোনো বিচার করা হচ্ছে না।’
চীফ জাস্টিস, জজ এবং আইনজীবীদের উদ্দেশ্য বিএনপি প্রধান বলেন, ‘বিচার যদি করতে হয় তাহলে হাসিনারও বিচার করতে হবে। বঙ্গবন্ধু ট্রাস্টের মামলার চেক কে কোথায় নিয়েছে, কী করেছে, তা আমাদের রেকর্ড আছে। সকল আইনজীবী বিচারকদের কাছে আমরা ন্যায়বিচার চাই। এর বেশি কিছু আমাদের চাওয়ার নেই।’























































