শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » দেবিদ্বারে রসুলপুর ইউপিতে ২২ বছর বয়সী চেয়ারম্যানের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা


দেবিদ্বারে রসুলপুর ইউপিতে ২২ বছর বয়সী চেয়ারম্যানের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০১৬

3194f0f1c25d9db93d8cd271180bdf13-49

স্টাফ রিপোর্টার ঃ

বয়স তথ্য গোপন রাখার অভিযোগে কুমিল্লা দেবিদ্বার উপজেলার ৩নং রসুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আ’লীগ থেকে মনোনীত বিজয়ী প্রার্থী মোঃ কামরুল হাসানকে দায়িত্ব পালনের উপর ৩ মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ । একই সাথে তার প্রার্থীতা কেন বাতিল করা হবেনা এ বিষয়ে ৪ সপ্তাহের মধ্যে কারন দর্শানোর জন্য নোটিশ দিয়েছে আদালত।

৬ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ এমদাদুল হক আজাদ এর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানী শেষে ওই আদেশ প্রদান করেন।

নির্বাচনী বিধি অমান্য করে বয়স প্রমানের তথ্য গোপন রেখে এবং মৃত. ও প্রবাসীদের ভোট ডাকাতির অভিযোগে বিজয়ী প্রার্থী মোঃ কামরুল হাসানের বিরুদ্ধে ৩নং রসুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করা আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম সরকার বাদি হয়ে কুমিল্লা নির্বাচনী ট্রাইব্যুনাল, সিনিয়র জজ আদালতে গত ২১ এপ্রিল ওই মামলা দায়ের করেন।

বাদী তার মামলার বিবরনীতে উল্লেখ করেন, গত ২২ মার্চ প্রথম ধাপে প্রথম বারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার আগের দিন থেকেই অর্থাৎ ২১ মার্চ বিকেল থেকে বহিরাগত ভাড়াটে সশস্ত্র সন্ত্রাসী ও ভোট ডাকাতদের মাধ্যমে অবৈধভাবে ব্যালটে নৌকা প্রতীকের পক্ষে সিল মারার অভিযোগ আনেন। অভিযোগে ৩নং ‘রসুলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝিনাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ডের জীবণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৮নং ওয়ার্ডের আমির উচ্চ বিদ্যালয় ও ৯নং ওয়ার্ডের খাইয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রগুলো দখল করে ভোট ডাকাতির সময় মৃত: ও প্রবাসীদের ভোটগুলোও রক্ষা পায়নি বলেও দাবী করেন। নির্বাচনের আগের দিন থেকেই বহিরাগত ভাড়াটে সশস্ত্র সন্ত্রাসী ও ভোট ডাকাতদের মাধ্যমে সংশ্লিষ্ট রির্টানিং ও সহকারী রিটানিং কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট নিয়ে নৌকা প্রতীকে সিল মেরে বিজয় সুনিশ্চিত করে।

এছাড়াও স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা ম্যানুয়েল’র চতুর্থ পরিচ্ছদের ১৯ পৃষ্ঠায় প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা ২৬’র (১)’র ‘খ’ ধারার সংশ্লিষ্ট প্রার্থীরা নিজ ইউনিয়নের যে কোন ওয়ার্ডের পুরুষ ভোটার তালিকায় ভোটার হতে হবে। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তার বয়স অবশ্যই ২৫ বছর হতে হবে।

জানা গেছে, নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসান তাঁর মনোনয়নপত্রে নিজের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ উল্লেখ করলেও সংশ্লিষ্ট বিদ্যালয়ে এ সংক্রান্তে কোন তথ্য নেই। ইউপি’র ৯নং খাইয়ার ওয়ার্ডে পুরুষ ভোটার তালিকায় ১০৫৮ নম্বর ক্রমিকে তাঁর ভোটার ভোটার নং ১৯৩৫৭৮০০০৪৩২, জন্ম তারিখ ১০ মে ১৯৯৪ইং। অপরদিকে, ১৯৭৪১৯১৪০৮৯০০০০৩১ নং জাতীয় পরিচয়পত্রে তাঁর জন্ম তারিখ ১০ মে ১৯৭৪ইং। কামরুল হাসানের মাতা শাহানা আক্তারের ৪৫৮ নম্বর ভোটার ক্রমিকে জন্ম ২০ অক্টোবর ১৯৬০ ইং এবং বড় ভাই মুস্তফা সারোয়ারের ৩৭৬ নম্বর ভোটার ক্রমিকে জন্ম ১৫ অক্টোবর ১৯৭৯ইং। চেয়ারম্যান কামরুল হাসানের ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র এবং মাতা ও বড় ভাইয়ের ভোটার তালিকা বিশ্লেষণে দেখা যায়, জাতীয় পরিচয়পত্র অনুযায়ি নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসান তাঁর বড় ভাইয়ের ৫ বছর পূর্বে এবং মায়ের ১৪ বছর বয়সে জন্মগ্রহণ করেছেন। অপরদিকে, ভোটার তালিকা অনুযায়ি তাঁর বয়স ২২ বছর চলছে। নির্বাচন কমিশনের ‘নির্বাচন বিধিমালা’ মতে ২২ বছর বয়সে প্রার্থী হওয়ারই কোন সুযোগ নেই। এসব বিষয়ে উপজেলা রিটানিং অফিসারের কাছে আপত্তি দাখিলের পরও কামরুল হাসানের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বৈধতা লাভ করে এবং তিনি বিভিন্ন অবৈধপন্থা অবলম্বনে অবশেষে চেয়ারম্যান নির্বাচিতও হয়ে যান।

সূত্র জানিয়েছে, কামরুল হাসান খাইয়ার গ্রামের মৃত আব্দুল বারি’র পুত্র। ভোটচুরি, তথ্যগোপন ও বয়স জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ এনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বাদি হয়ে গত ২১ এপ্রিল কুমিল্লার নির্বাচন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা (০১/১৬) দায়ের করেন। মামলাটি গত ১৭ মে অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক জেবুন্নেছা ও ২৪ মে অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক তানভির আহমেদ’র আদালতে শুনানী শেষে বিষয়টি নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে প্রেরন করেন।

সিভিল রিভিশন নং- ১৬৪৪/২০১৬ইং’টি গত ৬ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ এমদাদুল হক আজাদ এর সমন্বয়ে গঠিত বেঞ্চে শোনানী শেষে ওই আদেশ প্রদান করেন।

উল্লেখ্য যে, গত ২২ মার্চ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে প্রথমবারের মতো দলীয় প্রতীকে দেবিদ্বারের রসুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি