
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তে স্বামীকে গাছে বেঁধে তাঁর সামনেই এক বাংলাদেশি নারীকে গণধর্ষণ করেছে তিন ভারতীয় যুবক। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে বিএসএফ। তার নাম সিকান্দর চৌহান। খবর এনাডু ইন্ডিয়া।
মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে হিলি সীমান্তের ওপারে ভারতের উজাল এলাকায়। নির্যাতিতার বাড়ি বাংলাদেশের কোথা তা জানা যায়নি। তবে রাত পর্যন্ত এই ঘটনায় হিলি থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে বাংলাদেশি এক দম্পতি সন্তানকে নিয়ে অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এরপরই স্থানীয় তিন যুবক তাদের পথ আটকায়। যুমনা নদীর পাশে পাট ক্ষেতে বেঁধে রাখা হয় স্বামীকে। তাঁর চোখের সামনেই স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্যাট্রলিংয়ের সময় ইঝঋ-এর নজরে আসে বিষয়টি। ধাওয়া করে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। পলাতকদের মধ্যে একজনের নাম নয়ন চৌহান।
ওই বাংলাদেশি দম্পতি ও অভিযুক্তকে হিলির বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে বলে সূত্রের খবর। তবে বিএসএফের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনও খবর নেই।






















































