শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » তিস্তা চুক্তির জন্য আবারো মমতার দিকে তাকিয়ে বাংলাদেশ


তিস্তা চুক্তির জন্য আবারো মমতার দিকে তাকিয়ে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০১৬

mamata-banerjee-bccl

ডেস্ক রিপোর্ট ঃ

আবারও তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে আলোচনা করেছে বাংলাদেশ। দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতার এই প্রথম কোন বাংলাদেশি প্রতিনিধির সাথে প্রথম সাক্ষাত করেছেন।

সোমবার ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীসহ ৪ জনের একটি প্রতিনিধি দল রাজ্য সচিবালয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাথে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করেন।

মমতার সাথে ৪০ মিনিটের আলোচনার পর ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, মমতা বন্দোপাধ্যায় ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি সমাধানে সব রকম সহায়তা করবে বলে বাংলাদেশ আশাবাদী। বাংলাদেশের এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ ভরসা আছে। তিস্তা এবং অন্যান্য ইস্যুতে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো এগিয়ে যাবে। আমরা মমতা বন্দোপাধ্যায়কে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি।

মমতার সাথে দেখা করার পর কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জকি আহাদ বলেন, আমি মমতা বন্দোপাধ্যায়কে দ্বিতীয় বারের মত মুখ্যমন্ত্রী হিসেবে জয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অভিনন্দন জানাতে এসেছি। তিনি আরো বলেন, আমরা পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি করব কিন্তু বন্দর এবং পরিকাঠামো উন্নত করতে হবে, অন্যথায় রপ্তানির সময়ই মাছ পচে যাবে।

২০১১ সাল থেকে ঝুঁলে আছে তিস্তা চুক্তি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশে সফরের সময় চুক্তিটি করার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধার কারণে চুক্তিটি করা হয় নি।

গত রোববার নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সাংবাদিকদের বলেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচন থাকায় দীর্ঘদিন মমতার সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে কথা বলা যায়নি। এখন ভোটে জয়লাভ করে তিনি দ্বিতীয় বার ক্ষমতায় এসেছেন। আর তিস্তা চুক্তিতে ত্রিপক্ষেরই রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। তাই তিস্তা নিয়ে বাংলাদেশ, ভারত এবং পশ্চিমবঙ্গ সরকারের সাথে সংলাপ করার জন্য এটিই উপযুক্ত সময়।

তিনি আরো বলেন, মমতা বন্দোপাধ্যায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চান। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি নিমন্ত্রণ করেছিলেন আবার হাসিনাও ২০ কেজি ইলিশ মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে পাঠিয়েছেন।

ভারতের প্রতিবেশী দেশ বিষয়ক গবেষক ও কলকাতা ভিত্তিক থিংক ট্যাংক সিইএনইআরএসকে’র সভাপতি জে আর মুখার্জি মনে করেন, দ্বিতীয় বার ক্ষমতায় এসে মমতা সম্ভবত সব তিক্ততা ভুলে বাংলাদেশের সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চান। পশ্চিমবঙ্গের ভবিষ্যত প্রবৃদ্ধি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সঙ্গে জড়িত এটি মমতা যত তাড়াতাড়ি বুঝবেন ততোই মঙ্গল।

এদিকে মোদি প্রশাসন বলছে, তিস্তা প্রশ্নে মমতা ব্যানার্জির সুর এখন অনেকটাই নরম। বাংলাদেশের বিজয় দিবসে মমতা ও সুষমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বারের মত ঢাকা সফরের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর এর আগেই তিস্তা চুক্তি সম্পাদন করতে চান তিনি। এর পর ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিথি করার পরিকল্পনা রয়েছেন নরেন্দ্র মোদির।

এদিকে রোববার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তিস্তা বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘কে সমাধান চায় না, আমরা সবাই তা চাই। অবশ্য এর আগেও ২০১৫ সালে দুদেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরে ঢাকা সফরে মমতা রাজ্যের স্বার্থ নিশ্চিত করেই চুক্তি সম্পাদনের কথা বলেছেন। পশ্চিমবঙ্গের গণমাধ্যমের খবরে জানা যায়, মমতা মনে করেন, মনমোহন সিং সরকার রাজ্যের সঙ্গে কোন আলোচনা ছাড়াই চুক্তিটি করার চেষ্টা করেছিলেন, তাতে পশ্চিমবঙ্গের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি