ডেস্ক রিপোর্ট ঃ
কোপা আমেরিকা থেকে আবারও আর্জেন্টিনা খালি হাতে ফিরে যাওয়ার চব্বিশ ঘণ্টা না পেরোতেই ইউরো ২০১৬ থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন স্পেন।
সোমবার প্যারিসের স্তাদে দ্য ফ্রান্সে শেষ ষোলোর ম্যাচে ইতালি ২-০ গোলে হারিয়েছে স্পেনকে। গিয়ের্গিও চিয়েল্লিনি ও গ্র্যাজিয়ানো পেল্লে আজ্জুরিদের দুই গোলদাতা। এই জয় ইতালিকে নিয়ে গেল শেষ আটে।
ইউরো ২০০৮-এ স্পেনের কাছে হেরেছিল ইতালি। ২০১২-র ফাইনালে ৪-০ গোলে একই প্রতিপক্ষের কাছে আজ্জুরিয়া বিধ্বস্ত হয়েছিল। এবার আন্তনিও কন্তের শিষ্যরা সেই দুটি হারের বদলা নিল সুদে-আসলে।
ম্যাচের ৩৩ মিনিটে গোলের খাতা খোলেন ডিফেন্ডার গিওর্গিও চিয়েল্লিনি। গোলকিপার ডেভিড ডি গিয়ার দুরন্ত নৈপুণ্যে স্পেন বারবার বেঁচে যায় এরপর গোল হজম করা থেকে। উল্টো তারা সুযোগ হারায় আলভারো মোরাতার হেডে সরাসরি গিয়ানলুইগি বুফনের গ্লাভসে আশ্রয় নিলে।
স্পেন রেকর্ড টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আক্রমণের পর আক্রমণ শানায়। কিন্তু তাদের সব আক্রমণ বাধাগ্রস্ত হয় ইতালির রক্ষণদুর্গে। নির্ধারিত সময়ের শেষদিকে জেরার্ড পিকেকে হতাশ করেন বুফন। ইনজুরি টাইমে প্রতি-আক্রমণ থেকে গোল পেয়ে যান গ্রাজিয়ানো পেল্লে।
স্পেনের ইউরো শেষ হয়ে যায়। ১৯৯৪-র পর কোনো বড় আসরে স্পেনের বিপক্ষে এটাই ইতালির প্রথম জয়। কোয়ার্টার ফাইনালে ইতালির প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। শনিবার বর্দোয় এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

























































