জাতীয় কাউন্সিলের পর দল গোছাতে গিয়েও তা পারেনি বিএনপি। বরং অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত দলটি দিন দিন আরো এলোমেলো হয়ে পড়ছে। গত ১৯ জানুয়ারি জাতীয় কাউন্সিলের পর দল গোছাতে গিয়েও গোছাতে পারেনি বিএনপি। বরং অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত দলটি দিন দিন আরো এলোমেলো হয়ে পড়ছে। এ ছাড়া দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারাধীন মামলাগুলো নিয়েও দলে দুশ্চিন্তা রয়েছে। সবমিলে গত কয়েকটি মাস ধরেই বিএনপির কার্যক্রম যখন একেবারে স্থবির, তখন আশার আলো বলতে ছিল, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে আন্তর্জাতিক চাপ বাড়ানো। কিন্তু এই তৎপরতার সঙ্গে জড়িত নেতাদের বিভিন্ন মামলায় জড়ানোসহ নানাভাবে ‘দমিয়ে’ রাখায় সে তৎপরতাও থেমে গেছে।
বিএনপির সিনিয়র এক নেতা জানান, আন্দোলন ফলপ্রসূ না হলেও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে জাতীয় নির্বাচনের জন্য আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ে সফল হচ্ছিল বিএনপি। তখনই ক্ষমতাসীনরা পাল্টা কৌশলের পাশাপাশি এই উইংয়ের নেতাদের দমাতে নির্যাতনের পথ বেছে নেয়। বিএনপির কূটনৈতিক তৎপরতার সঙ্গে জড়িত নেতা ড. আব্দুল মঈন খান, রিয়াজ রহমান, ড. ওসমান ফারুক ও শফিক রেহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। ফলে কূটনৈতিক তৎপরতা থেমে যায়। এর বাইরেও এই উইংয়ের যেসব নেতা আছেন তাদের নিষ্ক্রিয় করার মিশনেও সফল হয়েছে। সঙ্গত কারণে কূটনৈতিক তৎপরতা একেবারে থেমে গেছে বললেই চলে। এখন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি কূটনৈতিক উইংকেও শক্তিশালী করার চেষ্টা চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির সর্বশেষ কূটনৈতিক তৎপরতা ছিল, কয়েক মাসে বিএনপির কয়েকজন নেতার একাধিবার ভারত সফর। সফরগুলোতে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে। তবে ফলপ্রসূ কিছু হয়নি। একটি হাই প্রোফাইল বৈঠকের কথা বলা হলেও তা বারবারই পিছিয়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে ওই বৈঠক হতে পারে।
ভারত সফরে যাওয়া বিএনপির এক নেতা জানান, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং নতুন নির্বাচনের ব্যাপারে বিজেপি সরকারের আন্তরিকতা থাকলেও তাদের বৈদেশিক নীতিতে যারা নিয়ামক ভূমিকা পালন করেন তারা নানা কারণে বিএনপির ওপর ক্ষুব্ধ। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে তারা শীর্ষ নেতৃত্বের একজনের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে কিছু শর্ত দিয়েছেন। তারা এখনো আওয়ামী লীগকে অধিকতর ভালো বন্ধু মনে করছে।
কূটনীতিক সূত্রগুলো বলছে, সরকারের বছরপূর্তিতে ২০১৫ সালে আন্দোলনের পর নির্বাচনের ব্যাপারে পশ্চিমারা চাপ সৃষ্টি করতে থাকে। পশ্চিমাদের দাবির প্রেক্ষিতে ভারত দায়িত্ব নিয়ে নতুন নির্বাচনের উদ্যোগ নেবেন বলে আশ্বস্তও করেছিল। কিন্তু কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে না পারায় কোনো কিছুরই ইতিবাচক ফল আসেনি।
বিএনপির কূটনৈতিক উইংয়ের বিপর্যয়ের কারণ বিশ্লেষণ করলে দেখা য়ায়, ২০১৫ সালের জানুয়ারিতে আন্দোলনের চলাকালে হামলার শিকার হন কূটনৈতিক টিমের অন্যতম নেতা রিয়াজ রহমান। এরপর থেকেই বলতে গেলে তিনি নিষ্ক্রিয়। পরবর্তীতে দক্ষ কূটনীতিক হিসেবে পরিচিত দলের সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী হঠাৎ করেই রাজনীতি ছেড়ে দেন। ফলে কূটনৈতিক উইংয়ে ব্যাপক শূন্যতা সৃষ্টি হয়। এ ছাড়া ঢাকায় এক বিদেশি হত্যাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির কূটনৈতিক তৎপরতার সঙ্গে জড়িত দলের সিনিয়র নেতা ড. আব্দুল মঈন খানকে সতর্ক করে বক্তব্য দেয়ার পর থেকে তিনিও নিজেকে অনেকটা গুটিয়ে নেন। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে সুসম্পর্ক রাখা সাংবাদিক শফিক রেহমানকে কূটনৈতিক উইংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। কিন্তু হঠাৎ করে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার অভিযোগে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিএনপির কূটনৈতিক উইংয়ের অন্যতম নেতা হিসেবে পরিচিত ড. ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্তের খবরে তিনিও নীরবে দেশ ছাড়েন। অন্যদিকে ২০১৫ সালে আন্দোলন চলাকালে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর থেকে কূটনৈতিক বিষয় দেখভালের দায়িত্বপ্রাপ্ত আরেক নেতা সাবিহ উদ্দিন আহমেদ এখনো পুরোপুরি সক্রিয় হতে পারেনি। আর যতটুকু দায়িত্ব পালন করছেন তাতে হাইকমান্ড সন্তুষ্ট নন বলে জানা গেছে।
বিএনপির সাম্প্রতিক সময়ের কূটনৈতিক তৎপরতার বিষয়ে জানতে চাইলে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপির কূটনৈতিক বিষয়গুলো যেসব নেতা দেখেন তাদের দমাতে সরকার নীলনকশা করেছে। ফলে সাময়িক কিছু সমস্যা হলেও কূটনৈতিক তৎপরতা চলছে।























































