শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এসপি বাবুল আক্তার বিদেশে চলে যেতে পারেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৬.২০১৬

4cb81d76a8bc294f91c32458d60b499a-576dfd21b8072image-23282
ডেস্ক রিপোর্ট ঃ

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের রাজধানীর মেরাদিয়ার শ্বশুরবাড়ি থেকে পুলিশি পাহারা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তার ওপর নজরদারির যে গুঞ্জন চলছিল তা অনেকটাই থেমে গেছে। এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, চাকরি ছেড়েছেন এসপি বাবুল আক্তার। তিনি বিদেশে চলে যেতে পারেন। এই খবরে নতুন করে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে জনমনে। কারণ মাহমুদা খানম মিতু হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা বড়ভাইয়ের নাম এখনো প্রকাশ করেনি পুলিশ। এছাড়া এসপি বাবুলকে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের বিষয়টি নিয়েও ধোঁয়াশা কাটেনি এখন পর্যন্ত। বিষয়টিকে আরও ঘনীভূত করেছে বাবুল আক্তারের স্বেচ্ছায় গৃহবন্দিত্ব। জানা গেছে, তিনি অফিস করছেন না, আবার শ্বশুরবাড়ি থেকেও বেরুচ্ছেন না।

এদিকে গতকাল মঙ্গলবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানশেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বাবুল আক্তার পুলিশের নজরদারিতে নেই। তিনি আরও বলেন, আপনারা ধৈর্য ধরুন, গোয়েন্দারা প্রতিবেদন দেওয়া হোক, তারপর সবকিছু বলতে পারব।

গত ২৪ জুন রাতে শ্বশুরবাড়ি থেকে এসপি বাবুলকে তুলে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে। সেখানে তাকে দীর্ঘ ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় সেখানে উপস্থিত একাধিক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাবুল আক্তারের বিরুদ্ধে মিতু হত্যায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়। এ কারণে পুলিশ কর্মকর্তারা তাকে শাস্তি হিসেবে সাময়িক বরখাস্তের কথা বলেন। তখন বাবুল আক্তার স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেন।

আরেকটি সূত্র জানায়, বাবুল আক্তারকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দেওয়ার পেছনে পুলিশের কয়েকটি যুক্তি কাজ করেছে। এগুলো হলোÑ পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে পুরো পুলিশ বাহিনীতে এর বিরূপ প্রভাব পড়তে পারে। এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাবুল আক্তার পুলিশ বিভাগে একজন ‘আইকন’। তাই তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টরা খুবই সতর্ক। এছাড়া মিতুর দুই শিশুসন্তানের দেখভালের বিষয়টিও বিবেচনায় আনা হয়। কারণ মায়ের মৃত্যুর পর এখন দুই সন্তান সার্বক্ষণিক বাবা বাবুল আক্তারের কাছে আছে। তিনি কোনোভাবে শাস্তির আওতায় এলে সন্তান দুটির ভবিষ্যৎ বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করছেন পুলিশ কর্মকর্তারা।

সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, ডিবি কার্যালয়ের দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে বাবুল আক্তার চাকরি থেকে পদত্যাগ করেন। পরে পুলিশ তাকে শ্বশুরবাড়িতে পৌঁছে দেয়। আর সেদিনই তার জন্য দেওয়া পুলিশি পাহারা প্রত্যাহার করা হয়।

এসপি বাবুল আক্তার সর্বশেষ পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। তার চাকরি ছাড়া প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান জানান, তিনি এ সম্পর্কে কিছুই বলতে পারবেন না।

আরও দুজন গ্রেপ্তার : মিতু হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তারা হলেনÑ হানিফুল হক ওরফে এহতেশামুল হক ওরফে ভোলা এবং মনির হোসেন। গত সোমবার রাতে চট্টগ্রাম নগরীর রাজাখালী থেকে ভোলাকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল ভোরে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোরের বিদেশি পিস্তল, একটি পয়েন্ট থ্রি টু বোরের দেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ মনিরকে বাকলিয়া থেকে আটক করা হয়। ভোলার বাড়ি নগরীর রাজাখালীতে ও মনিরের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

এদিকে গতকাল বাকলিয়া থানায় অস্ত্র আইনে ভোলা ও মনিরকে আসামি করে একটি মামলা হয়েছে। তবে মনিরকে মিতু হত্যামামলায় আসামি করা হয়নি। বিকালে এই দুই আসামিকে আদালতে হাজির করা হলে ভোলাকে মিতু হত্যামামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী এ আদেশ দেন। অন্যদিকে অস্ত্র মামলায় ভোলা ও মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আবেদনের শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম নওরিন আক্তার কাঁকন দুই আসামিকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

এর আগে গতকাল দুপুরে চট্টগ্রাম পুলিশ কমিশনার কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলা হয়, ভোলাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মনিরের গ্যারেজ থেকে অস্ত্র দুটি ও গুলিগুলো উদ্ধার করা হয়। গত ৫ জুন নগরীর ওআর নিজাম রোডে মিতুকে খুন করার সময় এই অস্ত্রগুলোই ব্যবহার করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও তদন্ত) দেবদাস ভট্টাচার্য বলেন, ইতিপূর্বে গ্রেপ্তার ওয়াসিম ও আনোয়ারের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোলাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভোলা মিতু হত্যাকা-ে অস্ত্র সরবরাহের কথা স্বীকার করেন। তবে তিনি নিজে হত্যাকা-ে অংশ নেননি। হত্যাকা-ে ব্যবহারের জন্য শুধু অস্ত্রগুলো সরবরাহ করেন। কাজশেষে অস্ত্রগুলো ফেরত নিয়ে তার বিশ্বস্ত লোক মনিরের কাছে সেগুলো গচ্ছিত রাখেন ভোলা। পুলিশ মনিরের গ্যারেজের একটি খাটের নিচ থেকে অস্ত্র দুটি ও গুলিগুলো উদ্ধার করে।

দেবদাস ভট্টাচার্য আরও বলেন, কার নির্দেশে মিতুকে হত্যা করা হয়েছে তা জানতে ভোলাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এর আগে গ্রেপ্তার ওয়াসিম ও আনোয়ার মিতু হত্যার নির্দেশদাতা হিসেবে মুসা সিকদার ও অস্ত্র সরবরাহকারী হিসেবে ভোলার নাম উল্লেখ করেছিল। পুলিশ গতকাল ভোলাকে গ্রেপ্তার দেখিয়েছে। এখন বাকি আছেন হত্যাকা-ে নেতৃত্ব দেওয়া মুসা সিকদার। সংশ্লিষ্টদের মতে, মুসাই বলতে পারবেন কে মিতু হত্যার আসল নির্দেশদাতা।

বিএনপির সন্ত্রাসী, আ.লীগের ছত্রছায়ায় : মিতু হত্যাকা-ের সরাসরি নেতৃত্ব দেওয়া মুসা সিকদার ছিলেন বিএনপি নেতা ও যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীর ক্যাডার। অন্যদিকে ভোলা ছিলেন যুবদল নেতা। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে পালিয়ে শহরে আসেন মুসা। হাত মেলান ভোলার সঙ্গে। আর যুবদল নেতা ১৬ মামলার আসামি ভোলা রাতারাতি স্বেচ্ছাসেবক লীগ নেতা বনে যান। এরপর রাজাখালী ও কালামিয়া বাজারকেন্দ্রিক ব্যবসা গড়ে তোলেন তিনি। মুসা সিকদার তার ব্যবসার অংশীদার হন। মিতু হত্যায় জড়িত অন্যদের সংগ্রহ করেছেন এই মুসা সিকদার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি